২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে মিলান, সেল্টিক, সোসিয়েদাদ

প্রথম লেগে ড্র করে ভক্তদের দুশ্চিন্তায়ই ফেলে দিয়েছিল এসি মিলান। তবে ঘরের মাঠে ফিরতি লেগে নেদারল্যান্ডসের দল পিএসভি আইন্দহোভেনকে ৩-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চুড়ান্ত পর্বে উঠেছে ইতালির এই ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 12:06 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

বুধবার রাতে এসি মিলানের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ে সঙ্গী হয়েছে স্পেনের রিয়াল সোসিয়েদাদ, স্কটল্যান্ডের সেল্টিক, রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গ ও চেক প্রজাতন্ত্রের ভিক্তোরিয়া প্লোজেন।

বুধবার সান সিরোতে দুই গোল করে মিলানের জয়ের নায়ক ঘানার মিডফিল্ডার কেভিন প্রিন্স বোয়াটেং। অপর গোলটি করেন পুরো ম্যাচেই অসাধারণ খেলা স্ট্রাইকার মারিও বালোতেল্লি।

খেলার নবম মিনিটে দলকে এগিয়ে নেন বোয়াটেং। ২৫ গজ দুর থেকে বল দখলে নিয়ে দারুণ এক শটে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ঐ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিক দল।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বালোতেল্লি। সবশেষে নির্ধারিত সময়ের ১৩ মিনিট বাকি থাকতে নিজের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন ২৬ বছর বয়সী বোয়াটেং।

গত সপ্তাহে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছিল সেরি আ তে ১৮ বারের চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলে গোলের ব্যবধান হয়েছে ৪-১।

এই জয়ে কোচ মাসসিমিলিয়ানো আল্লেগ্রির উপর থেকে ক্রমশই পাহাড়সম চাপ কিছুটা হলেও কমলো। গত মৌসুমে লিগের শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত তৃতীয় স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছিল তার দল।

কাজাখস্তানের দল শাখতার কারাগান্দির বিপক্ষে প্রথম লেগে ২-০ গোলে হারের পরও ফিরতি লেগে ঘরের মাঠে ৩-০ গোলে জিতে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের টিকিট পেয়েছে স্কটল্যান্ডের সেলটিক। দুই লেগ মিলে গোল ব্যবধান ৩-২।

নিজেদের মাঠে ফিরতি লেগে স্পেনের দল রিয়াল সোসিয়েদাদ ২-০ গোলে ফরাসি ক্লাব লিওকে হারিয়ে দুই লেগ মিলে ৪-০ ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের টিকিট পেয়েছে।

সবচেয়ে সহজ পথে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে পা রেখেছে রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গ। ৪-২ গোলে তারা হারিয়েছে পর্তুগালের পাস ডি ফেরেইরাকে। প্রথম লেগে তারা জিতেছিল ৪-১ গোলে।  

অপর ম্যাচে স্লোভেনিয়ার দল ম্যারিবোরকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে শেষ ৩২ এর টিকিট পেয়েছে চেক প্রজাতন্ত্রের ভিক্তোরিয়া প্লোজেন। প্রথম ম্যাচে ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছিল তারা।