সুপার কাপ জিতলো বার্সেলোনা
গোলরক্ষক ভিক্তর ভালদেসের অসাধারণ নৈপুণ্যে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা।
বুধবার ক্যাম্প নিউতে সুপার কাপের দ্বিতীয় লেগের ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করে বার্সেলোনা। গত সপ্তাহে প্রথম লেগের খেলাও ১-১ ড্র হয়েছিল। তবে প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা নিয়ে রেকর্ড একাদশ শিরোপা ঘরে তুলল লা লিগা চ্যাম্পিয়নরা।
স্প্যানিশ গোলরক্ষক ভালদেস ম্যাচে দু’বার অসাধারণ দক্ষতায় গোল না বাঁচালে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো আতলেতিকো।
তবে খেলা শেষের ঠিক আগে এগিয়ে যেতে পারতো বার্সাও, কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি।
নতুন কোচ জেরার্দো মার্তিনোর অধীনে এটাই বার্সেলোনার প্রথম শিরোপা। নেইমারেরও এটা বার্সার হয়ে প্রথম শিরোপা। কোচ ম্যাচের প্রথম একাদশেই রেখেছিলেন ব্রাজিলের এই তারকা ফুটবলারকে।
মেসিকে আটকানোর চেষ্টা করছেন আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডার আদরা তুরান। ছবি: রয়টার্স
গোল না হলেও ম্যাচে তাই উত্তেজনার কমতি ছিল না। বার্সেলোনার ৯টি ফাউলের বিপরীতে আতলেতিকো মাদ্রিদ পুরো ম্যাচে ফাউল করে ২৬টি। ম্যাচের ৮১ মিনিটে বার্সেলোনার স্বদেশী দানি আলভেজকে অবৈধভাবে বাধা দিয়ে লাল কার্ড দেখেন আতলেতিকোর ব্রাজিলিয়ান ফুলব্যাক ফিলিপে লুইস।
ব্রাজিলের দুই সতীর্থের লড়াই। দানি আলভেসকে আঘাত করে লালকার্ড দেখেন আতলেতিকোর ফুলব্যাক ফিলিপে লুইস (ডানে)। ছবি: রয়টার্স
পুরো ম্যাচে মেসি ও নেইমারকে বলতে গেলে খেলতেই দেয়নি আতলেতিকোর ডিফেন্ডাররা। এর মধ্যেও মাঝে মধ্যে ঝলক দেখিয়েছেন দুই তারকা।
মেসি খানিকটা নিচে নেমে খেলেছেন এ ম্যাচে। ৮৯ মিনিটের বদলি খেলোয়াড় পেদ্রোকে ফাউল করায় পাওয়া পেনাল্টি থেকে ক্রসবারে বল না মারলে গোলের দেখা পেতেন তিনি।
আতলেতিকো মাদ্রিদের গোলমুখে মেসি-নেইমারের আক্রমণ। ছবি: রয়টার্স
তবে ম্যাচ সেরা বার্সেলোনার গোলরক্ষক ভালদেসই। প্রথমার্ধের শেষ দিকে আতলেতিকোর আরদা তুরানের জোড়ালো শট ঝাপিয়ে পড়ে এক হাত দিয়ে রুখে দেন তিনি। আর ৫৬ মিনিটে সাবেক বার্সা ফরোয়ার্ড ডাভিদ ভিয়ার শট অসাধারণ দক্ষতায় ঠেকান স্পেনের জাতীয় দলের এই গোলরক্ষক।
বার বার আতলেতিকো মাদ্রিদের ফাউলের মুখে পড়েছেন মেসি ও নেইমার। ছবি: রয়টার্স
“যখন একটা শিরোপা জয়ের হাতছানি থাকে, তখন তা জেতাটাই গুরুত্বপূর্ণ। মৌসুম শুরুর দিকটা বিবেচনা করলে আমরা তেমন একটা খারাপ খেলিনি। অনেক সময় একটি দলের এ ধরণের ফল লাগে তার ফর্ম খুজে পাওয়ার জন্য।”
মার্তিনোর স্বদেশী আতলেতিকো কোচ সিমিওনি তার খেলোয়াড়দের প্রশংসা করলেও তারা গোলের সুযোগগুলো কাজে না লাগাতে পারায় হতাশ।
“আমরা খুবই পরিষ্কার দুটো সুযোগ পেয়েছিলাম। কিন্তু ভালদেস খুবই ভালো খেলেছে।”
স্প্যানিশ লা লিগার চ্যাম্পিয়ন ও কোপা দেল রে -এর চ্যাম্পিয়ন মৌসুমের প্রথম শিরোপা স্প্যানিশ সুপার কাপের লড়াইয়ে মুখোমুখি হয়।
গত পাঁচ বছরে এটি বার্সার চতুর্থ সুপার কাপ শিরোপা। অন্যদিকে ১৯৯৬ সালের পর এই প্রথম সুপার কাপে খেললো অ্যাতলেতিকো।
