সাফ ফুটবল শেষ গোলরক্ষক সোহেলের
শহীদুল আলম সোহেলের দুর্ভাগ্য। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলতে নেপালে আসার পর চোটের কারণে দেশে ফিরে যেতে হচ্ছে বাংলাদেশের এই তরুণ গোলরক্ষককে।
সোহেলের চোট কপাল খুলে দিয়েছে আরেক গোলরক্ষক জিয়াউর রহমান জিয়ার। এরই মধ্যে কাঠমান্ডুতে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।
জাতীয় দলের চিকিৎসক ইমরান হোসেন জানিয়েছেন, “গত সোমবার কুঁচকিতে চোট পান সোহেল। চোটটা তেমন গুরুতর না হলেও আমরা তাকে কমপক্ষে তিন সপ্তাহ বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছি। তাই সাফ ফুটবলে তার খেলা সম্ভব হচ্ছে না।”
সাফ ফুটবলে খেলতে না পেরে ভীষণ হতাশ সোহেল। ঢাকা আবাহনী লিমিটেডের এই গোলরক্ষক বলেন, “বড় আশা নিয়ে নেপালে এসেছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য, হঠাৎ কুঁচকিতে চোট পেয়েছি। কী আর করা, নেপালে এসেও সাফ ফুটবলে না খেলে দেশে ফিরে যেতে হচ্ছে!”
