লিগ কাপে লিভারপুলের জয়
ফুটবল লিগ কাপে অতিরিক্ত সময়ের দুই গোলে নটস কাউন্টিকে ৪-২ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল।
প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংলিশ ফুটবলের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই লিগ কাপ, যা পৃষ্ঠপোষকের নামে এখন ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত।
আগামী সপ্তাহে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলেও নটসের বিপক্ষে প্রায় পূর্ণ শক্তির দল নামিয়েছিলেন লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স।
রহিম স্টারলিং ও ড্যানিযেল স্টুরিজের গোলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে ইয়োন ২ গোল করে নটস সমতা ফেরালে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে ইংলিশ স্ট্রাইকার স্টুরিজ ও বদলি জর্ডান হেন্ডারসনের দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে এ টুর্নামেন্টে সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়ন লিভারপুল।
নকআউটভিত্তিক এ টুর্নামেন্টে অংশ নেয় প্রিমিয়ার লিগের ২০টি ক্লাবসহ মোট ৯২টি দল।
