ফ্রেইবুর্গে হোঁচট বায়ার্ন মিউনিখের
জার্মান বুন্দেসলিগায় বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে রুখে দিয়েছে ফ্রেইবুর্গ। মঙ্গলবার রাতে নিকোলাস হয়েফলারের শেষ সময়ের গোলে বায়ার্নের সঙ্গে ১-১ গোলে ড্র করে স্বাগতিকরা।
আগামী শুক্রবার চেলসির বিপক্ষে উয়েফা সুপার কাপ ম্যাচ থাকায় পূর্ণ শক্তির দল নামাননি বার্য়ানের কোচ পেপ গার্দিওলা।
পাঁচ নম্বরে থেকে গত মৌসুম শেষ করা ফ্রেইবুর্গ নিজেদের মাঠে প্রথম মিনিট বিশেক দাঁড়াতেই দেয়নি বার্য়ার্নকে।
শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ তুলে নেয় বায়ার্ন। ৩৩ মিনিটে বিপজ্জনক জায়গায় বল পেয়ে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন সুইস উইংগার জারদান সাচিরি।
দ্বিতীযার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও দুই গোলরক্ষকের দৃঢ়তায় গোল হচ্ছিল না।
অবশেষে ৮৬ মিনিটে বদলি হিসেবে নামা ডিফেন্সিভ মিডফিল্ডার নিকোলাস হয়েফারের গোলে খেলায় সমতা ফেরায় স্বাগতিকরা।
পয়েন্ট হারানোর পরও ৪ খেলায় ১০ পয়েন্ট নিয়ে তালিকার আপাতত শীর্ষে আছে বায়ার্ন। সমান খেলায় ২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ফ্রেইবুর্গ।
