২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমানের কাছে লজ্জার হার

বাংলাদেশের হকির এক কালো দিন সোমবার। এশিয়া কাপ হকি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের কাছে ৪-২ গোলে হেরে গেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 05:44 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

রোববার প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কাছে ৯-০ গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ।

মালয়শিয়ার ইপোহর আজলান শাহ স্টেডিয়ামে প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল।

পুরো ম্যাচেই প্রাধান্য ছিল ওমানের। বিশেষ করে প্রথমার্ধে পাত্তাই পায়নি বাংলাদেশ। ২৯ মিনিটে ফিল্ড অ্যাটাক থেকে হাশিম গানিম গোল করলেও একটি শট সাইড বারে লেগে ফিরে এসে হতাশ করে ওমানকে।

বিরতির আগে বাংলাদেশের বলার মতো সুযোগ একটাই। কিন্তু কৃষ্ণ কুমারের হিট সাইড বার ঘেঁষে বাইরে চলে যাওয়ায় গোলের দেখা মেলেনি।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ওঠার চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু ৪৩ মিনিটে হুবাইস আল শারের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয়ে যায়।

৪৫ ও ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রজব বাশিনের দুই গোলে জয় প্রায় নিশ্চিতও হয়ে যায় ওমানের।

৫৩ মিনিটে রোমান সরকারের ফিল্ড গোলের পর ৬৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের দ্বিতীয় গোলদাতা অধিনায়ক মামুনুর রহমান চয়ন।

অবশ্য কাছে পরাজয়ের পর সান্ত্বনা খোঁজাও লজ্জার! আগের দুটো ‍মুখোমুখি লড়াইয়ে এই ওমানকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ।

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের বিপক্ষে গত বছরের এপ্রিলে থাইল্যান্ডের ব্যাংককে এফআইএইচ কাপে ৬-২ এবং গত ফেব্রুয়ারিতে ভারতের দিল্লিতে বিশ্ব হকি লিগে ৪-১ গোলে জিতেছিলেন জিমি-চয়নরা।

এশিয়া কাপে প্রথম বারের মতো অংশ নেয়া ওমান নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮-০ গোলে হেরে গেলেও পরের ম্যাচেই নিজেদের হকি-ইতিহাসের অন্যতম স্মরণীয় জয়ের দেখা পেলো।

দিনের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারানো ভারতের ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত।

বুধবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আর ওমান খেলবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে।

টানা দুই ম্যাচ হেরে গ্রুপের সর্বনিম্ন স্থান প্রায় নিশ্চিত।

মালয়শিয়া যাওয়ার আগে ওমানকে হারিয়ে পঞ্চম হওয়ার লক্ষ্যের কথা জানিয়েছিল বাংলাদেশ দল। আজলান শাহ স্টেডিয়ামের দ্রুতগতির নীল টার্ফে আপাতত যা ‘অসম্ভব’ বলেই মনে হচ্ছে!