অঘটনের শিকার ম্যান সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচেই ম্যানচেস্টার সিটি অঘটনের শিকার। নবাগত কার্ডিফ সিটির কাছে ৩-২ গোলে হেরে গেছে গতবারের রানার্স-আপরা।
কার্ডিফ সিটি স্টেডিয়ামে স্বাগতিকদের জয়ে সবচেয়ে বড় অবদান ফ্রেইজার ক্যাম্পবেলের। ওয়েলসের দলটির তিন গোলের দুটোই এই ফরোয়ার্ডের।
হেরে গেলেও গোলশূন্য প্রথমার্ধের পর ৫২ মিনিটে বসনিয়ান স্ট্রাইকার এদিন জেকোর গোলে এগিয়ে যায় ম্যান সিটি।
তবে ৮ মিনিট পরই সমতা নিয়ে আসেন আইসল্যান্ডের মিডফিল্ডার অ্যারন গানারসন। ৭৯ ও ৮৭ মিনিটে ক্যাম্পবেলের দুই গোলে জয় প্রায় নিশ্চিতও হয়ে যায় কার্ডিফ সিটির।
ইনজুরি সময়ে স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো নেগ্রেদো ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি ২০১১-১২ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা।
রোববার ইপিএলের অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার ১-০ গোলে সোয়ানসি সিটিকে হারিয়েছে। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিক দলের জয়সূচক গোলদাতা স্প্যানিশ স্ট্রাইকার রবার্তো সলদাদো।
