জিতেই চলেছে বায়ার্ন
জার্মান বুন্দেসলিগায় টানা তৃতীয় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার নিওনবার্গকে ২-০ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের দুই গোলদাতা ফরাসি ফরোয়ার্ড ফ্র্যাঙ্ক রিবেরি ও ডাচ ফরোয়ার্ড আরিয়েন রোবেন। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৯ ও ৭৮ মিনিটে গোল দুটো করেন তারা।
৩৩ মিনিটে অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা পেনাল্টি মিস না করলে আরো বড় ব্যবধানে জিততে পারতো প্রথম জার্মান ক্লাব হিসেবে ‘ট্রেবল’ অর্থাৎ এক মৌসুমে তিনটি শিরোপা জয় করা বায়ার্ন।
বুন্দেসলিগার অন্যান্য ম্যাচে বেয়ার লেভারকুসেন ৪-২ গোলে বরুসিয়া মনশেনগ্লাডবাখকে, হ্যানোভার ২-১ গোলে শালকে জিরো ফোরকে ও মেইঞ্জ ২-০ গোলে উলফসবার্গকে হারিয়েছে এবং হফেনহাইম ও ফ্রেইবুর্গ ৩-৩ গোলে ড্র করেছে।
