২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলের দলবদলের দিনক্ষণ চূড়ান্ত

অবশেষে বাংলাদেশে প্রিমিয়ার লিগ ফুটবলের দলবদলের দিনক্ষণ ঠিক হয়েছে। এর সময়সীমা ২৬ অগাস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 07:58 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শনিবার পেশাদার লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ১৬ অগাস্ট থেকে দলবদল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লিগের বাই-লজ অনুমোদন না হওয়ায় লিগ কমিটি তা পিছিয়ে দেয়। গত বুধবার পেশাদার লিগ কমিটির সভায় এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

শনিবারের সভায় পেশাদার লিগের বাই-লজও অনুমোদন হয়েছে। বাই-লজে কোনো ফুটবলারের দুই ক্লাব থেকে টাকা নেয়ার প্রমাণ পাওয়া পেলে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করার নিয়ম রাখা হয়েছে। অপরাধী ফুটবলারকে টাকা ফেরত দেয়ার জন্য ৭২ ঘণ্টা সময় দেয়া হবে। এর মধ্যে টাকা দিতে না পারলে তাকে আরো একবছর নিষিদ্ধ করা হবে।

তবে শুধু সংশ্লিষ্ট ফুটবলার নয়, দলবদল শুরু হওয়ার আগে কোনো ক্লাবের এমন অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সেই ক্লাবকেও আর্থিক জরিমানা করা হবে। এবার একটি ক্লাব ৩৩ জন ফুটবলার নিবন্ধন করাতে পারবে। বিদেশি ফুটবলারের ক্ষেত্রে সংখ্যাটা ৭ জন। অক্টোবরের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে ফুটবল মৌসুম।