প্রস্তুতি ম্যাচে হকি দলের হার
এশিয়া কাপ হকির ঠিক আগে জাতীয় দলের জন্য এক ধাক্কা। মালয়শিয়ার আইপোতে পাকিস্তানের বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচে ৫-০ গোলে হেরে গেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার মালয়শিয়া থেকে টেলিফোনে বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুর রহমান চয়ন জানিয়েছেন, “এটা আমাদের প্রথম প্রস্তুতি ম্যাচ। নতুন জায়গায় বড় ব্যবধানে হেরে গেলেও আমরা ভালোই খেলেছি। পাকিস্তান খুবই শক্তিশালী দল। এরকম শক্তিশালী দলের সঙ্গে আরো কয়েকটা ম্যাচ খেলতে পারলে এশিয়া কাপে আমাদের পারফরম্যান্স ভালো হতো।”
দলের কোচ নাভিদ আলম জানিয়েছেন, “এই প্রস্তুতি ম্যাচ খেলতে পেরে আমাদের খুবই উপকার হয়েছে। এই ম্যাচ থেকে নিজেদের ভুল-ত্রুটি আমরা বুঝতে পেরেছি। টুর্নামেন্টে এটা আমাদের ভালোই কাজে আসবে।”
২৪ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এশিয়া কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, ২৫ অগাস্ট। গ্রুপ পর্বে ২৬ অগাস্ট ওমান এবং ২৮ অগাস্ট ভারতের বিপক্ষে বাকি দুই লড়াই।
