২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের ২ তারকাকে চায় আর্সেনাল

রিয়াল মাদ্রিদের দুই তারকা ফুটবলার করিম বেনজেমা ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে দলে নেয়ার চেষ্টা করছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 11:57 AM

Updated : 23 Aug 2022, 06:46 PM

বিবিসি স্পোর্টস জানায়, রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাকে কেনার জন্য ৪ কোটি পাউন্ড দিতে প্রস্তুত আর্সেনাল। আক্রমণের ধার আরও বাড়াতে আজেন্টিনার ২৫ বছর বয়সী উইঙ্গার ডি মারিয়াকেও দলে চান কোচ আর্সেন ওয়েঙ্গার। এছাড়া একজন গোলরক্ষক ও ডিফেন্ডারকেও খুঁজছেন ভক্তদের চাপের মুখে থাকা ফরাসি এই কোচ।

২০০৯ সালে আড়াই কোটি পাউন্ডে লিয়ন থেকে রিয়ালে যোগ দেন বেনজেমা। পরের বছর বেনফিকা থেকে বার্নাবেউতে আসেন ডি মারিয়া।

এ মৌসুমে কেবল ২০ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার ইয়াইয়া সানোগুনকে দলে নিয়েছে আর্সেনাল। অথচ খেলোয়াড় কেনার জন্য বাজেট আছে প্রায় ১০ কোটি পাউন্ড। আগামী ২ সেপ্টেম্বর শেষ হবে দলবদলের সুযোগ।

ওয়েঙ্গার সাংবাদিকদের বলেন,"ট্রান্সফার মার্কেটে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে অনেক কিছুই ঘটবে। আমাদের হাতে আরো ১২ দিন আছে।"

ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ৩-১ গোল হারার পর খেলোয়াড় কেনার জন্য ওয়েঙ্গারের উপর চাপ দেয় আর্সেনাল ভক্তরা।

এর আগে গনজালো হিগুয়াইন ও লিভারপুলের লুইস সুয়ারেজকে টানার চেষ্টা করেও ব্যর্থ হয় আর্সেনাল।

ওয়েঙ্গার সাংবাদিকদের জানান, লিভারপুল থেকে উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজকে আনার আশা ছেড়ে দিয়েছেন তিনি।

পুরনো খবর:

ওয়েঙ্গারে ক্ষেপেছে আর্সেনাল ভক্তরা