ওয়েঙ্গারে ক্ষেপেছে আর্সেনাল ভক্তরা
দীর্ঘদিনের সাফল্য খরায় কোচ আর্সেন ওয়েঙ্গারের প্রতি ক্ষেপেছে আর্সেনাল ভক্তরা। এমিরেটস স্টেডিয়ামে ফরাসি এই কোচকে ভবিষ্যতে আর দেখতে চাই না তারা।
চলতি মৌসুমের শেষে ৬৩ বছর বয়সী ফরাসি এই কোচের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ‘গানার্স’ নামে পরিচিত দলটির। ভক্তরা চান, চুক্তি শেষ হলেই যেন তাকে বিদায় করে দেয়া হয়।
‘আর্সেনাল সাপোটার্স ট্রাস্ট’ বা এএসটি নামে ভক্তদের একটি সংগঠন এই দাবি জানিয়েছে। আর্সেনালের শেয়ারের অনেকটা অংশও আটশ'র বেশি সদস্যের এই গ্রুপটির দখলে।
সম্প্রতি দলটির প্রধান নির্বাহী ইভান গাজিদিস ওয়েঙ্গারের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে কথা বলেন। তারপর থেকেই ভক্তদের ক্ষোভ মাথাচাড়া দিয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ৩-১ গোলে হারটা ভক্তদের ক্ষোভের আগুনে যেন ঘি ঢালে।
১৯৯৬ সালে দলটির দায়িত্ব নেন ওয়েঙ্গার। এরপর থেকে দীর্ঘ ১৭ বছরের এমিরেটস অধ্যায়ের শুরুতে কিন্তু দারুণ সফল ছিলেন তিনি। ঐ সময়ে প্রথম আট বছরে তিনটি প্রিমিয়ার লিগসহ সর্বমোট ১১ টি শিরোপা জিতেছিল দলটি।
তারপর থেকেই সাফল্য খরা শুর। ২০০৬ সাল থেকে কোনো শিরোপা জিততে পারেনি তারা। ভক্তদের ধৈর্য্যের বাঁধ তাই এবার ভেঙ্গে গেছে।
