২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলের দলবদলের সিদ্ধান্ত হয়নি

দলবদলের নতুন তারিখ নির্ধারণ করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার ফুটবল লিগ কমিটি। বুধবার বাফুফে ভবনে এক সভায় এই কমিটি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 08:21 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

আগামী শনিবার পেশাদার লিগ কমিটি আবার জরুরি সভা ডেকেছে।

সভা শেষে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, “লিগের দলবদল ও বাই লজ নিয়ে আলোচনা হয়েছে। ক্লাবগুলো তাদের মতামত দিতে পারেনি। তারা দু দিন সময় চেয়েছে।”

গত ১৬ অগাস্ট থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দলবদল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বাই লজ অনুমোদন না হওয়ায় দলবদল স্থগিত করে বাফুফে। অথচ প্রায় দু মাস আগে দলবদলের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

বুধবারের সভায় দুই ক্লাব থেকে টাকা নেয়া ফুটবলারদের কঠোর শাস্তি দেয়ার দাবি জানিয়েছে সবগুলো ক্লাব।

এ প্রসঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া বলেন, “যাদের বিরুদ্ধে দুই ক্লাব থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে, তাদের শাস্তির আওতায় আনা হোক। এ ব্যাপারে মীমাংসার জন্য ৫ আগস্ট শেষ সময়সীমা বেঁধে দিয়েছিল বাফুফে। অথচ আজ পর্যন্ত অভিযুক্ত একজন ফুটবলারও আমাদের সঙ্গে যোগাযোগ করেনি ।”

“এদের সবাইকে কঠোর শাস্তি দেয়া হোক। বাই লজেও এ ধরনের অপরাধীদের শাস্তি দেয়ার নিয়ম অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি আমরা। তাহলে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।”