১২ কিশোর ফুটবলারকে ম্যান ইউ পাঠাবে এয়ারটেল
প্রতিভাবান কিশোর ফুটবলারের খোঁজে দ্বিতীবারের মতো মাঠে নেমেছে মোবাইল ফোন প্রতিষ্ঠান এয়ারটেল।
বাছাই করা ১২ ফুটবলার ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডে এক সপ্তাহ প্রশিক্ষণের সুযোগ পাবেন।
বুধবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার ডেনিস আরউইন। এ সময় উপস্থিত ছিলেন এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট।
ডেনিস আরউইন বলেন, “বাংলাদেশে এয়ারটেলের ক্ষুদে প্রতিভা বাছাই কার্যক্রমের প্রথম পর্বের সাফল্যে আমরা খুবই খুশি হয়েছি। বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড়ের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আমাদের। আমি আশা করছি তাদের সঙ্গে কাজ করার আরেকটি সুযোগ হবে আমাদের।”
এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট বলেন, “এয়ারটের জন্য এটা খুবই গর্বের ব্যাপার যে, আমার গত বছর ১২ জন কিশোর ফুটবলারকে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে প্রশিক্ষণ নেয়ার সুযোগ করে দিতে পেরেছি। তাই আমরা দ্বিতীয় পর্বের কার্যক্রম পরিচালনার জন্য আরও বেশি উৎসাহ বোধ করছি।”
“আমার বিশ্বাস বাংলাদেশে অনেক প্রতিভা রয়েছে, এয়ারটেলের বাছাই কার্যক্রমের মাধ্যমে এই সব প্রতিভাকে বাছাই করে আনা সম্ভব হবে।”
এয়ারটেলর এই বাছাই কার্যক্রম চলবে ৬ মাস ধরে। ১৬ বছরের কম বয়সী ফুটবলাররা এই কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ পাবেন।
অংশগ্রহণে আগ্রহীদের নিজ নিজ স্কুলের মাধ্যমে নিবন্ধন করতে হবে। ১-১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নিবন্ধন কার্যক্রম। দেশের ২৪ টি জোন থেকে নির্বাচিত ১২০ জন খেলোয়াড়কে বাছাই করে বিকেএসপিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে এখান থেকে ১২ ফুটবলার ম্যানচেস্টার ইউনাইটেডে পাঠানো হবে।
