ইউএস ওপেনে সপ্তম বাছাই ফেদেরার
ইউএস ওপেনে সুইস তারকা ফেদেরার খেলতে নামবেন সপ্তম বাছাই খেলোয়াড় হিসেবে। গত এক দশকে এই প্রথমবারের মতো শীর্ষ তিন বাছাইয়ের বাইরে থেকে কোনো গ্র্যান্ড স্লাম খেলতে নামছেন তিনি।
সোমবার আরো দুই ধাপ নেমে এটিপি র্যাঙ্কিংয়ের সাত নম্বর হন ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরার, যা ১১ বছরের মধ্যে তার সর্বনিম্ন অবস্থান। এটিপি র্যাঙ্কিং অনুযায়ীই ইউএস ওপনের বাছাই চূড়ান্ত করেছে ইউএস টেনিস অ্যাসোসিয়েশন।
এর আগে সবশেষে ২০০৩ সালের উইম্বলডনে শীর্ষ তিনজনের বাইরে চতুর্থ বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিলেন ফেদেরার। সেবার উইম্বল্ডনে চ্যাম্পিয়ন হয়ে প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন তিনি।
পুরুষদের টেনিসের সফলতম খেলোয়াড় ফেদেরার এ বছর মাত্র একটি শিরোপা জিতেছেন। তা-ও সেটা উইম্বলডনের আগে এক প্রস্তুতি টুর্নামেন্টে।
