রিয়াল মাদ্রিদকে জেতালেন ইসকো
রিয়াল বেতিসের বিপক্ষে পিছিয়ে পড়েও স্প্যানিশ তারকা ইসকোর নৈপুণ্যে ২-১ গোলে জয় দিয়েই লা লিগা শুরু করলো রিয়াল মাদ্রিদ।
আগের ম্যাচে ক্যাম্প নিউতে লেভান্তেকে ৭-০ গোলে উড়িয়ে লা লিগার শিরোপা ধরে রাখার লড়াই শুরু করে বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাবেউতে রিয়াল মাদ্রিদ কী জবাব দেয় তা দেখতে উদগ্রীব ছিল সবাই।
জোসে মরিনিয়োর স্থলাভিষিক্ত কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, কেবল জয় নয় ভক্তদের মুগ্ধ করে রাখার মতো ফুটবল খেলবে তার দল। প্রথম ম্যাচে মুগ্ধ করতে না পারলেও শেষে তিন পয়েন্টের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে তার শিষ্যরা।
শুরুতেই রিয়াল মাদ্রিদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা বেতিস এগিয়ে যেতে পারতো ৬ মিনিটেই। অধিনায়ক নাচোর ক্রস থেকে জর্জ মোলিনার হেড ঝাঁপিয়ে পড়ে ঠেকান রিয়াল মাদ্রিদের গোলরক্ষক দিয়েগো লোপেজ।
রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় অভিষেক হলো কার্লো আনচেলত্তির। সঙ্গে সহকারী জিনেদিন জিদান। ছবি: রয়টার্স
দুই মিনিট পরই ব্যবধান হয়ে যেতে পারতো ২-০। বাঁদিক থেকে সেদ্রিক বক্সে খুঁজে পান স্প্যানিশ মিডফিল্ডার জোয়ান ভারদোকে। তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হতে হয় অতিথিদের।
১১ মিনিট পর স্পেনের অনূর্ধ্ব-২১ দলের তারকা ইসকোর বাড়ানো বল থেকে সমতা ফেরান রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজামা।
৩৬ মিনিটে আবার এগিয়ে যেতে পারতো সপ্তম স্থানে থেকে গত মৌসুম শেষ করা বেতিস। কিন্তু ভারদোর কর্নার থেকে নাইজেরিয়ার মিডফিল্ডার নোসা লেগিবোরের হেড ক্রসবারে লেগে ফিরলে হতাশায় পুড়তে হয় অতিথিদের।
রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে স্বরূপে ফিরে। ৪৮ মিনিটে ইসকোর পাস থেকে রোনালদোর জোরালো শট ক্রসবারে লাগে।
রিয়াল বেতিসের বিপক্ষে ভালো খেললেও গোল পাননি রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। ছবি: রয়টার্স।
দ্বিতীয়ার্ধে আর্জেটাইন উইঙ্গার আনহেল ডি মারিয়া নামার পর খেলার ধার আরো বাড়ে লা লিগার সবচেয়ে সফল দলটির। গোলের কয়েকটি সুযোগ তৈরি হলেও সাফল্য পাচ্ছিল না স্বাগতিকরা।
খেলা শেষ হওয়ার চার মিনিট আগে দলকে এগিয়ে নেন রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা ইসকো। মার্সেলোর ক্রস থেকে দারুণ হেডে বেতিসের জালে বল জড়িয়ে দেন ৩ কোটি ইউরোতে রিয়ালের আসা এই তারকা।
লা লিগার অপর খেলায় সেভিলাকে ৩-১ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। দুই গোল করে ভক্তদের ফ্যালকাওকে হারানোর দু:খ ভুলিয়ে দিয়েছেন ব্রাজিলের স্ট্রাইকার দিয়েগো কস্তা।
