গোলবন্যায় লা লিগা শুরু বার্সেলোনার
লিওনেল মেসি ও পেদ্রো রদ্রিগেজের জোড়া গোলে লেভান্তকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার লড়াই শুরু করেছে বার্সেলোনা।
নতুন কোচ জেরার্দো মার্তিনোর অধীনে বার্সার আক্রমণাত্মক ফুটবলে মেসি, চাভি, ফ্যাব্রেগাসকে দেখা গেছে সেই চিরচেনা রূপে। গত মৌসুমের অনুজ্জ্বল আলেক্সিস সানচেজ এবার শুরু থেকেই দারুণ ছন্দে। মৌসুম শুরুর আগের ভালো ফর্ম ধরে রেখেছেন লিগেও।
পাঁচটি গোলের অবদান রেখে বার্সার সহজ জয়ে বড় অবদান সেস ফ্যাব্রেগাসের।
খেলার তৃতীয় মিনিটেই বার্সাকে এগিয়ে দেন সানচেজ। চাভির ডিফেন্স চেরা পাস ফ্যাব্রেগাস হয়ে চিলির স্ট্রাইকার অ্যালেক্সিসকে খুঁজে পেলে স্বাগতিকদের গোল উৎসব শুরু হয়।
পেদ্রোর কাছ থেকে বল পেয়ে ১২ মিনিটে নিজের প্রথম গোলটি করেন মেসি। টানা চারবারের ফিফা বিশ্বসেরা ফুটবলারের জোরালো নিচু শট ঠেকানোর কোনো সুযোগই পাননি লেভান্তে গোলরক্ষক নাভাস।
২৪ মিনিটে দলীয় প্রচেষ্টার ফসল তৃতীয় গোলটি আসে দানি আলভেজের পা থেকে। গোলের স্থপতি মেসি, প্রতিপক্ষের ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে সুবিধাজনক জায়গায় দাঁড়ানো ফেব্রেগাসকে পাস দেন তিনি। তার শট গোলরক্ষকের গায়ে লেগে ফিরে এলেও দানি আলভেজের জোরালো শট খুঁজে পায় অতিথিদের জাল।
লেভেন্তের বিপক্ষে লা লিগার প্রথম ম্যাচে ২ গোল করেন লিওনেল মেসি। ছবি: রয়টার্স
প্রথমার্ধে শেষ মিনিটে দলের পক্ষে ষষ্ঠ গোলটি করেন চাভি। ফ্যাব্রেগাসের পাস ধরে আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দিতে কোনো সমস্যা হয়নি স্প্যানিশ এই মিডফিল্ডারের।
৬-০ গোলে পিছিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তুলে গত মৌসুমে ১১ নম্বরে থাকা লেভান্তে। তারপরও সুযোগ তৈরি করে বার্সা। ৭৪ মিনিটে সপ্তম গোলটিও আদায় করে নেয় তারা।
লা লিগায় অভিষেক বার্সেলোনার কোচ জেরার্দো মার্তিনো আর ব্রাজিল তারকা নেইমারের। ছবি: রয়টার্স
লিগে মেসি-নেইমার যুগলবন্দী খুব বেশিক্ষণ দেখার সুযোগ হয়নি প্রথম ম্যাচে। ৬৭ মিনিটে সানচেজের বদলি হিসেবে নামেন নেইমার। মিনিট সাতেক পরে মেসিকে তুলে ইনিয়েস্তাকে নামান মার্তিনো। মাঠে প্রতিভার ঝলক দেখালেও গোল পাননি ব্রাজিল তারকা নেইমার।
প্রথম ম্যাচে তেমন একটা পরীক্ষা দিতে হয়নি বার্সার রক্ষণভাগ আর গোলরক্ষক ভিক্তর ভালদেজকে।
