ডর্টমুন্ড, মোনাকোর টানা দ্বিতীয় জয়
জার্মানির বুন্দেসলিগায় টানা দ্বিতীয় জয় পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। নিজেদের মাঠে আইনট্রাখট ব্রাউনশোয়ইগকে ২-১ গোলে হারিয়েছে তারা।
রোববার সিগন্যাল-ইদুনা পার্কে গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপ ডর্টমুন্ডের পক্ষে দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন জার্মানির দুই মিডফিল্ডার জোনাস হফম্যান ও মার্কো রুস। দু’জনই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন।
তবে দল জিতলেও আত্মঘাতী গোলের হতাশায় পোড়েন পোল্যান্ডের স্ট্রাইকার লিওনদোভস্কি। তারই ভুলে হারের ব্যবধান কমায় অতিথিরা।
ফরাসি লিগে মোনাকোর জয়, পিএসজির ড্র
ফরাসি লিগে আরেকটি সহজ জয় পেয়েছে মোনাকো। ঘরের মাঠে অতিথি মপেলিয়েকে ৪-১ গোলে হারিয়েছে তারা।
টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন সম্প্রতি ছয় কোটি ইউরোর বিনিময়ে দলটিতে যোগ দেয়া কলম্বিয়ান স্ট্রাইকার ফ্যালকাও। পেনাল্টি থেকে গোলটি করেন আতলেতিকো মাদ্রিদের সাবেক এই স্ট্রাইকার।
মোনাকোর রোববারের এই জয়ে সবচেয়ে বড় অবদান হ্যাটট্রিক করা এমানুয়েল রিভেইরির। প্রথম ম্যাচেও একটি গোল করেছিলেন ফরাসি এই স্ট্রাইকার।
৬৪ মিনিটে ডিফেন্ডার দানিয়েল কঙ্গরে লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় মপেলিয়ে।
এদিকে এদিনসন কাভানির গোলে অ্যাজেকসিওর সঙ্গে হার এড়িয়েছে প্যারি সা জের্মা বা পিএসজি। ম্যাচের ৮৬ মিনিটে ১৮ গজ দূর থেকে চমৎকার এক শটে সমতা আনেন গত মৌসুমে ইতালিয়ান সেরি-আ’র সর্বোচ্চ গোলদাতা কাভানি।
