ম্যান ইউর জয়, আর্সেনালের হার
ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইপিএলের উদ্বোধনী দিনে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড বড় জয় পেলেও হেরে গেছে আর্সেনাল।
শনিবার ম্যান ইউ ৪-১ গোলের জয় নিয়ে ফিরেছে সোয়ানসির মাঠ থেকে। আর ঘরের মাঠে আর্সেনাল ৩-১ গোলে হেরে গেছে অ্যাস্টন ভিলার কাছে।
লিভারপুলকে অবশ্য হতাশ হতে হয়নি। গতবার ইপিএলে সপ্তম হওয়ার হতাশাকে মুছে ফেলতে মরিয়া ঐতিহ্যবাহী দলটি লিগের উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে স্টোক সিটিকে হারিয়েছে।
ম্যান ইউর জয়ে সমান অবদান ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি ও ইংল্যান্ডের ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেকের। দুজনেই দুটো করে গোল করেছেন।
৩৪ মিনিটে গত দুটো ইপিএলের সর্বোচ্চ গোলদাতা ফন পার্সি এগিয়ে দেন ম্যান ইউকে। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ওয়েলবেক।
৭২ মিনিটে আবার ফন পার্সির লক্ষ্যভেদ। ১০ মিনিট পর বনি উইলফ্রেড ব্যবধান কমালেও শেষ মুহূর্তে ওয়েলবেকের গোলের সুবাদে ম্যান ইউর কোচ হিসেবে বড় জয় দিয়ে ইপিএল-অভিষেক উদযাপন করেন ডেভিড ময়েস।
অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ষষ্ঠ মিনিটে অলিভার জিরুদের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ২২ মিনিটে ক্রিস্টিয়ান বেনটেকে পেনাল্টি মিস করলেও পরক্ষণেই গোল করে সমতা নিয়ে আসেন এই বেলজিয়ান স্ট্রাইকার।
৬২ মিনিটে বেনটেকেই পেনাল্টি থেকে এগিয়ে দেন অ্যাস্টন ভিলাকে। পাঁচ মিনিট পর লরেন্ত কোসিয়েলনির লাল কার্ড দশ জনের দলে পরিণত করে আর্সেনালকে।
৮৫ মিনিটে আন্তনিও লুনার গোলে জয় নিশ্চিত হয়ে যায় অতিথিদের।
অ্যানফিল্ডে আরেক স্বাগতিক লিভারপুলের জয়ের নায়ক ড্যানিয়েল স্টারিজ। ৩৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন এই ফরোয়ার্ড।
তবে ৮৯ মিনিটে স্টোক সিটির জোনাথন ওয়াল্টার্স পেনাল্টি মিস না করলে লিভারপুল হয়তো জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো না।
শনিবার ইপিএলের অন্য চার ম্যাচে ওয়েস্ট হ্যাম ২-০ গোলে কার্ডিফকে, ফুলহ্যাম ১-০ গোলে সান্ডারল্যান্ডকে, সাউথহ্যাম্পটন একই ব্যবধানে ওয়েস্ট ব্রমউইচকে হারিয়েছে এবং এভারটন-নরউইচ ২-২ গোলে ড্র করেছে।
