২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ফ্রেজার-প্রাইস

মেয়েদের ১০০ মিটার দৌড়ে সোনা জেতার পর ২০০ মিটারেও সোনা জিতেছেন জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2013, 11:53 PM

Updated : 13 Oct 2022, 02:55 PM

মস্কোয় অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে শুক্রবার রাতে ২০০ মিটার দৌড়ের ফাইনালে সোনা জিততে ফ্রেজার-প্রাইস সময় নেন ২২.১৭ সেকেন্ড।

দ্বিতীয় আইভরি কোস্টের মুরিয়েল আহুরের টাইমিং ২২.৩২ সেকেন্ড। ১০০ মিটার দৌড়েও ফ্রেজার-প্রাইসের পেছনে থেকে রূপা জিতেছিলেন তিনি। তৃতীয় হয়েছেন নাইজেরিয়ার ব্লেসিং ওকাগবার।

গত সোমবার রাতে উসাইন বোল্টের মতোই ১০০ মিটার দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পুনরুদ্ধার করেন জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস।

বেইজিং ও লন্ডন অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে সোনাজয়ী ফ্রেজার-প্রাইস ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও প্রথম হয়েছিলেন। তবে ২০০ মিটার দৌড়ে এটা তার প্রথম সোনা।
অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে তার সোনার সংখ্যা দাঁড়ালো ছয়টিতে।

শুক্রবার ইতিহাস গড়েছেন ব্রিটেনের মো ফারাহও। ১০ হাজার মিটার দৌড়ের পর ৫ হাজার মিটারেও সোনা জিতেছেন এই অলিম্পিক চ্যাম্পিয়ন। তিনি সময় নিয়েছেন ১৩ মিনিট ২৬.৯৯ সেকেন্ড।

গত বছর লন্ডন অলিম্পিকেও এ দুটি ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি। অ্যাথলেটিক্সের ইতিহাসে ইথিওপিয়ার কেনেনিসা বেকেলের পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে দূরপাল্লার এ দুটি ইভেন্টে অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ‘ডাবল-ডাবল’ জিতলেন ফারাহ।

মেয়েদের হাতুড়ি নিক্ষেপে সোনা জিতেছেন গত আসর ও অলিম্পিকে চ্যম্পিয়ন রাশিয়ার তাতিয়ানা লাইসেনকো। ৭৮.৮০ মিটার দূরত্বে ছুড়ে চ্যাম্পিয়নশিপ রেকর্ড গড়েছেন তিনি।

ছেলেদের লংজাম্পে স্বাগতিকদের আরেকটি সোনা এনে দিয়েছেন আলেকজান্ডার মেনকোভ।
ছেলেদের ৪*৪০০ মিটার রিলে দৌড়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র দল।

ছেলেদের গোলক নিক্ষেপে শিরোপা ধরে রেখেছেন জার্মানির ডেভিড স্ট্রল।