ফার্গুসনবিহীন ইপিএল
প্রতিবারের মতো এবারও নানা পরিবর্তনের ভেতর দিয়ে শনিবার থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইপিএল। তবে এবারের পরিবর্তন বিশাল এক শূন্যতার জন্ম দিয়েছে। প্রায় ২৭ বছর পর স্যার অ্যালেক্স ফার্গুসনকে ছাড়া ইপিএল হতে যাচ্ছে।
শুধু গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড নয়, রানার্স আপ ম্যানচেস্টার সিটি আর তৃতীয় চেলসিও খেলবে নতুন কোচের অধীনে। দুই মৌসুম আগে ম্যানচেস্টার সিটিকে শিরোপা এনে দেয়া রবার্তো মানচিনির জায়গায় দায়িত্ব পেয়েছেন ম্যানুয়েল পেল্লেগ্রিনি। আর চেলসিতে ফিরে এসেছেন ‘স্পেশাল ওয়ান’ নামে পরিচিত জোসে মরিনিয়ো।
দীর্ঘ ২৭ বছরে ওল্ড ট্র্যাফোর্ডে অনেক সাফল্য এনে দেয়ার পর গত মৌসুমের শেষে অবসরের ঘোষণা দেন ফার্গুসন। ম্যান ইউকে ৩৮টি শিরোপা উপহার দেয়া ফার্গুসন ইপিএলের প্রথম দশক অর্থাৎ গত শতাব্দীর নব্বইয়ের দশকে সেরা কোচ নির্বাচিত হয়েছিলেন।
‘ফার্গি’ নামে পরিচিত ফার্গুসনের হাত ধরে প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলের সম্মান প্রাপ্তিও ম্যান ইউর। প্রথম বিভাগ লিগকে বিদায় জানিয়ে ১৯৯২ সালে শুরু হয় ইপিএল। এ পর্যন্ত ২১টি ইপিএলের মধ্যে ১৩টিরই শিরোপা জিতেছে ফার্গুসনের দল।
এছাড়া চেলসি ও আর্সেনাল তিন বার করে এবং ম্যানচেস্টার সিটি ও ব্ল্যাকবার্ন রোভার্স এক বার করে চ্যাম্পিয়ন হয়েছে।
বিস্ময়কর হলেও সত্যি, ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাব লিভারপুল আজ পর্যন্ত ইপিএলের শিরোপা জিততে পারেনি। প্রথম বিভাগ লিগে রেকর্ড ১৮ বার চ্যাম্পিয়ন হলেও ইপিএল শুরু হওয়ার পর আজো তারা চূড়ান্ত সাফল্যের দেখা পায়নি।
১৮৮৮ সালে শুরু হয় ইংল্যান্ডের প্রথম বিভাগ লিগ। এটাই বিশ্বের প্রথম পেশাদার ফুটবল লিগ। প্রথম আসরে ১২টি দল অংশ নিয়েছিল। এরপর বাড়তে-বাড়তে ১৯৯১-১৯৯২ মৌসুমে দলের সংখ্যা দাঁড়ায় ২২টি। তার পরের মৌসুম থেকে শুরু হয় ইংলিশ প্রিমিয়ার লিগ, যার আনুষ্ঠানিক নাম বার্কলেস প্রিমিয়ার লিগ।
এবারের আসরের অন্যতম আকর্ষণ হতে পারে মরিনিয়ো আর ফার্গুসনের উত্তরসূরী হিসেবে ম্যান ইউর কোচের দায়িত্ব পাওয়া ডেভিড ময়েসের কথার লড়াই। ইংল্যান্ডের স্ট্রাইকার ওয়েইন রুনিকে ঘিরে মরিনিয়ো আর ময়েসের মধ্যে ‘ঠাণ্ডা যুদ্ধ’ চলছে। রুনিকে ম্যান ইউ থেকে নিয়ে আসতে মরিয়া মরিনিয়ো, আর ময়েস চান তাকে ধরে রাখতে। চেলসির দুটো প্রস্তাব ফিরিয়েও দিয়েছে ম্যানইউ।
যদিও খেলোয়াড়দের দলবদলের বাজারে এবার তেমন কোনো চমক নেই। সম্প্রতি স্পেনের দল ভ্যালেন্সিয়া থেকে স্প্যানিশ স্ট্রাইকার রবার্তো সলদাদোকে নিয়ে এসেছে টটেনহ্যাম হটস্পার। তবু স্বস্তিতে নেই টটেনহ্যাম ভক্তরা। তাদের ‘প্রাণভোমরা’ ওয়েলসের ফরোয়ার্ড গ্যারেথ বেলকে দলে টানতে উদগ্রীব স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। বেলের জন্য রেকর্ড ১০ কোটি ইউরোর প্রস্তাবও দিয়েছে তারা।
বেলের রিয়ালে যোগ দেয়া হবে নিঃসন্দেহে বিশাল চমক। আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত ধরে চলা দলবদল আরেকটি চমকও উপহার দিতে পারে ইংল্যান্ডের ফুটবলাঙ্গনকে। লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজকে পেতে আগ্রহী আর্সেনাল। সুয়ারেজও লিভারপুল ছাড়তে চাইছেন। তবে লিভারপুলের কোচ ব্রেন্ডন রজার্স তাকে ধরে রাখতে মরিয়া।
গতবারের চ্যাম্পিয়ন ম্যান ইউর জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারে চেলসি। কোচ মরিনিয়োর উপস্থিতি যে তার কারণ, তা বলাই বাহুল্য।
এবারের ইপিএলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, লিগের ২০টি দলের মধ্যে সাতটিরই মালিক মার্কিনিরা। আরেকটি বৈশিষ্ট্য হলো, এবার প্রথমবারের মতো গোল লাইন প্রযুক্তি ব্যবহৃত হবে।
সব মিলিয়ে এবারের ইপিএল জমজমাট হওয়ার কথা।
