মরিনিয়োর মুখে একতার জয়গান
দ্বিতীয় বারের মতো চেলসির কোচের দায়িত্ব নিলেও অতীত স্মৃতি রোমন্থনে রাজি নন জোসে মরিনিয়ো। সব কিছু নতুনভাবে শুরু করাই তার লক্ষ্য। স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ কোচ গত মৌসুমের ব্যর্থতা ভুলে দলের সমর্থকদের ঐক্যবদ্ধ করতেও দৃঢ় প্রতিজ্ঞ।
২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ‘ব্লুজ’ নামে পরিচিত চেলসিকে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগসহ ছয়টি শিরোপা এনে দিয়েছিলেন মরিনিয়ো।
এবারো সাফল্য প্রাপ্তির লক্ষ্যে চেলসি-ভক্তদের ঐক্যবদ্ধ করার দিকে জোর দিচ্ছেন তিনি।
বৃটেনের জনপ্রিয় পত্রিকা ‘দ্য সান’কে দেয়া এক সাক্ষাৎকারে মরিনিয়ো বলেন, “আমি তাদের ‘ব্লু’ পরিবারের সদস্য হিসেবে পাশে চাই। গত বছরের কোনো এক সময় যা মনে হয়েছিল ভেঙ্গে গেছে।”
“আমি আবার এই পরিবারকে ঐক্যবদ্ধ করতে চাই। আমি চাই তারা যেন আমাদের সবাইকে পূর্ণ সমর্থন দেয়। আমি চাই তারা যেন খেলোয়াড়দের পাশে থাকে, চেলসির পাশে থাকে।”
তিনি আরো বলেন, “ভালো-খারাপ দুই সময়েই যেন তারা আমাদের পাশে থাকে। রৌদ্রোজ্জ্বল ও ঠান্ডা আবহাওয়া, ঘরে-বাইরে, হার-জিত সব সময়ই আমি তাদের আমাদের পাশে চাই।”
এবার ব্যর্থ হলে তার অতীতের সম্মান ক্ষুন্ন হবে কিনা এমন প্রশ্নের জবাবে ভিন্ন দুটি দলের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মরিনিয়ো বলেন, “মনে হয় না এখানে (চেলসিতে) আমি আমার অর্জনকে কোনো রকম ঝুঁকির মধ্যে ফেলছি। কারণ আমার অর্জন কেউ মুছে ফেলতে পারবে না। চেলসিতে আমার গড়া ইতিহাসও কেউ কেড়ে নিতে পারবে না।”
