২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনসিনাটিতে ফেদেরার-নাদাল লড়াই

ইউএস ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট সিনসিনাটি ওপেনের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Aug 2013, 06:09 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) তৃতীয় রাউন্ডে ১২টি গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল ৬-২, ৫-৭, ৬-২ গেমে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে হারিয়েছেন। আরেক ম্যাচে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ফেদেরার ১-৬, ৭-৫, ৬-৩ গেমে জিতেছেন জার্মানির টমি হাসের বিপক্ষে।

এক সময় টেনিস-বিশ্বকে শাসন করলেও এখন র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে চার ও পাঁচ নম্বরে নেমে যাওয়া নাদাল ও ফেদেরারের এটা ৩১তম লড়াই হবে।

গ্র্যান্ড স্লাম জয়ে ফেদেরার এগিয়ে থাকলেও মুখোমুখি লড়াইয়ে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড আট বারের চ্যাম্পিয়ন নাদাল। আগের ৩০টি লড়াইয়ে নাদাল জিতেছেন ২০টিতে, আর ফেদেরার ১০টিতে।

গত মে মাসে রোম মাস্টার্সের ফাইনালে সর্বশেষ দেখা হয়েছিল দুজনের। ম্যাচটি নাদাল জিতেছিলেন ৬-১, ৬-৩ গেমে।

সুইস-কিংবদন্তি ফেদেরারের বিপক্ষে লড়াই সম্পর্কে ২৭ বছর বয়সী নাদাল বলেন, “রজারের (ফেদেরার) বিপক্ষে খেলা সব সময় মনে বিশেষ অনুভূতির জন্ম দেয়। এটা একটা বিশেষ ম্যাচ। কারণ আমাকে বিশেষ একজনের বিপক্ষে খেলতে হবে। আমাদের ম্যাচগুলো সব সময় বিশেষ ধরনের হয়।” এ বছর ১১টি টুর্নামেন্টে অংশ নিয়ে ১০টির ফাইনালে উঠে আটটিতেই শিরোপা জেতা স্প্যানিশ তারকা আরো বলেন, “আমাদের মুখোমুখি লড়াইয়ের দারুণ ইতিহাস আছে। তবে এটা ফাইনাল নয়, কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তাই বড় ধরনের পার্থক্য থাকবেই।” পুরুষদের র‌্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারেও টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সার্বিয়ার জোকোভিচ ৬-২, ৬-০ গেমে বেলজিয়ামের ডেভিড গোফিনকে ও বৃটেনের মারে ৬-২, ৬-২ গেমে ফ্রান্সের জুলিয়েন বেনেতুকে হারিয়েছেন। শেষ আটের টিকেট পেয়েছেন মেয়েদের র‌্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বর খেলোয়াড় সেরেনা উইলিয়ামস ও ভিক্টোরিয়া আজারেঙ্কাও। যুক্তরাষ্ট্রের সেরেনা ৬-৪, ৬-১ গেমে জার্মানির মোনা বার্থেলকে ও বেলারুশের আজারেঙ্কা ৬-৩, ৬-৪ গেমে স্লোভাকিয়ার মাগদালেনা রাইবারিকোভাকে হারিয়েছেন।