মালয়শিয়া যেতে পারে ফুটবল দল
হরতালের কারণে পাকিস্তান ফুটবল দল বাংলাদেশ সফরে আসছে না। তাই প্রস্তুতির জন্য জাতীয় দলকে মালয়শিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সোমবার বাফুফের জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, “থাইল্যান্ড সফরে দুটি প্রস্তুতি ম্যাচে কী-কী ভুল ত্রুটি ছিল তা জানার জন্য আমাদের আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলা দরকার। তাই আমরা সাফ ফুটবলের জন্য নেপালে যাওয়ার আগে মালয়শিয়ার কোনো ক্লাবের সঙ্গে অন্তত একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চাচ্ছি।”
“এরই মধ্যে মালয়শিয়ায় চিঠি পাঠিয়ে দেয়া হয়েছে। আশা করি নেপালে যাওয়ার আগে সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারবো।”
মালয়শিয়ায় যাওয়া এখনো নিশ্চিত না হলেও ঢাকায় আরো দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। প্রথমটি মঙ্গলবার, পরেরটি তার পাঁচ/ছয় দিন পর। দুটো ম্যাচেই জাতীয় দলের প্রতিপক্ষ জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়া ফুটবলারদের নিয়ে গড়া দল।
এদিকে সাফ ফুটবলের সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। নতুন সূচি অনুযায়ী ১ সেপ্টেম্বরের বদলে ৩১ অগাস্ট থেকে থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। তবে ১১ সেপ্টেম্বর ফাইনালের দিন পরিবর্তন হয়নি।
৩১ অগাস্ট উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। এরপর ৩ সেপ্টেম্বর ভারত এবং ৫ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে লড়াই।
