রজার্স কাপের শিরোপা নাদালের
স্পেনের রাফায়েল নাদাল এ মৌসুমের অষ্টম এটিপি শিরোপা ঘরে তুললেন। রোববার রাতে কানাডায় রজার্স কাপের ফাইনালে তিনি ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন স্বাগতিকদের মিলোস রাওনিচকে।
গত উইম্বল্ডনে প্রথম রাউন্ডে বিদায় নেয়ার পর প্রথম কোনো টুর্নামেন্টে খেলতে নেমেই শিরোপা জিতলেন নাদাল। ফলে এ মাসের শেষের দিকে মার্কিন ওপেনের আগে আত্মবিশ্বাস আরও বাড়লো এই স্প্যানিয়ার্ডের।
রাওনিচকে হারাতে প্রায় এক ঘণ্টা লেগেছে সেমি-ফাইনালে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচকে হারানো নাদাল। তার আক্রমণাত্মক খেলার কাছে দাড়াতেই পারেননি রাওনিচ।
জেতার পর সাংবাদিকদের নাদাল বলেন, "এ টুর্নামেন্টে আমার প্রতিটি ম্যাচ নিয়েই আমি সন্তুষ্ট। এ শিরোপাটা পাওয়া আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।"
এ শিরোপা জেতায় এটিপি র্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে আসবেন নাদাল। আর ফাইনালে উঠা রাওনিচ শীর্ষ দশে পৌঁছবেন।
