শেষ চারে সেরেনা, কেভিতোভার বিদায়
শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস কানাডার রজার্স কাপের সেমিফাইনালে উঠলেও হেরে গেছেন গতবারের চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা।
কোয়ার্টার ফাইনালে রোমানিয়ার অবাছাই সোরানা কারস্তিয়া ৪-৬, ৭-৫, ৬-২ গেমে ২০১১ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের ষষ্ঠ বাছাই কেভিতোভাকে হারিয়েছেন।
আরেক কোয়ার্টার ফাইনালে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সেরেনা সহজেই ৬-১, ৬-১ গেমে হারিয়ে দিয়েছেন স্লোভাকিয়ার অবাছাই মাগদালেনা রাইবারিকোভাকে।
প্রতিযোগিতার তিন ম্যাচে মাত্র ১০টি গেম হারা সেরেনা সেমিফাইনালে খেলবেন পোল্যান্ডের তৃতীয় বাছাই আগ্নিয়েস্কা রাদভানস্কার বিপক্ষে। শেষ চারে ওঠার লড়াইয়ে ইতালির পঞ্চম বাছাই সারা এরানিকে ৭-৬, ৭-৫ গেমে হারিয়েছেন কয়েক দিন আগে একটি সাময়িকীর জন্য অনাবৃত হয়ে ছবি তুলে হৈ-চৈ ফেলে দেয়া রাদভান্সকা।
অন্য সেমিফাইনালে কারস্তিয়ার প্রতিপক্ষ চীনের চতুর্থ বাছাই লি না। কোয়ার্টার ফাইনালে লি না ৭-৬, ৬-২ গেমে স্লোভাকিয়ার অবাছাই দোমিনিকা চিবুলকোভাকে হারিয়েছেন।
