আবার ম্যান ইউর হার
নতুন কোচ ডেভিড ময়েসের অধীনে ব্যর্থতার বৃত্তেই বন্দী ম্যানচেস্টার ইউনাইটেড। দলের দীর্ঘ দিনের সদস্য রিও ফার্ডিন্যান্ডের সম্মানে আয়োজিত এক প্রীতি ম্যাচেও হেরে গেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে স্পেনের লা লিগার দল সেভিয়ার কাছে তাদের পরাজয়ের ব্যবধান ১-৩।
রোববার লন্ডনের ওয়েম্বলিতে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে কমিউনিটি শিল্ডের লড়াই। তাই দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন ময়েস। তারকা খেলোয়াড়রা বিশ্রাম পেয়েছেন ঠিকই, কিন্তু স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরীর ‘সম্মান’ রক্ষা হয়নি।
২১ ও ২৬ মিনিটে ভিক্টর ভিতোলো ও মার্কো মারিনের লক্ষ্যভেদে ২-০ গোলে এগিয়ে যায় সেভিয়া। ৬৫ মিনিটে আন্তনিও ভ্যালেন্সিয়া ব্যবধান কমালেও শেষ মুহূর্তে ব্রায়ান রাবেলোর গোলে ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবের হার নিশ্চিত হয়ে যায়।
প্রায় ৪৩ হাজার দর্শকে ভরা গ্যালারিতে ফার্ডিন্যান্ডের আত্মীয় ও বন্ধু-বান্ধব ছিলেন শ’ দুয়েক। কিন্তু প্রিয় মানুষের সম্মানে আয়োজিত ম্যাচে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
ময়েসের দুঃখ অবশ্য তাদের চেয়ে অনেক বেশি। তার অধীনে ৭ ম্যাচে মাত্র দুটোতে জয় পেয়েছে ম্যান ইউ। আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের আগে যা ইংল্যান্ডের জনপ্রিয় দলটির জন্য নিঃসন্দেহে ‘অশনি সঙ্কেত’!
ময়েস অবশ্য এখনই দুশ্চিন্তার কিছু দেখছেন না। খেলা শেষে তিনি বলেন, “ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেয়া প্রত্যেককেই একটা পরীক্ষামূলক সময় কাটাতে হয়েছে। এমনকি স্যার অ্যালেক্স ফার্গুসনকেও পরীক্ষা দিতে হয়েছে শুরুতে। ডেভিড ময়েসও এর বাইরে নয়।”
