ব্রাজিল-অস্ট্রেলিয়া প্রীতি ম্যাচ সেপ্টেম্বরে
অস্ট্রেলিয়ার সঙ্গে আগামী মাসে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন।
ম্যাচটি হবে আগামী বিশ্বকাপের স্বাগতিক দেশ ব্রাজিলের ব্রাসিলিয়া শহরের মানে গারিঞ্চা স্টেডিয়ামে, ৭ সেপ্টেম্বর।
ইতোমধ্যে বিশ্বকাপের টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া। তাই আগে থেকেই ব্রাজিলের আবহাওয়া ও পরিবেশ সম্পর্কে জানার এই সুযোগ পেয়ে দারুণ খুশি দলটির কোচ হোল্গার ওসিয়েক।
তিনি বলেন, “বিশ্বকাপ শুরু হতে ১২ মাসেরও কম সময় বাকি। এমন সময় এই ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপে আবহাওয়া সম্পর্কে ধারণা পাওয়ার বড় একটা সুযোগ আমরা পেয়েছি।”
“বিশ্বের অন্যতম সেরা দল ব্রাজিল। আর তাদের মোকাবেলা করাটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। এখন আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি। মাঠে ও মাঠের বাইরে দু’দলের জন্যই ম্যাচটা অনেক শিক্ষনীয় হবে”, যোগ করেন তিনি।
এর আগে দল দুটি মোট ছয়বার মুখোমুখি হয়েছে। চারটিতে জিতেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, একবার অস্ট্রেলিয়া। অন্যটি ড্র হয়েছে।
