'আসল রোনালদো' নিয়ে পিছু হটলেন মরিনিয়ো
ক্রিস্টিয়ানো রোনালদোর নৈপুণ্যে রিয়াল মাদ্রিদের কাছে হেরে যাওয়ার পর কথার লড়াইয়ে পিছু হটলেন চেলসির কোচ জোসে মরিনিয়ো। তিনি এখন বলছেন, ব্রাজিলের রোনালদোকে 'আসল রোনালদো' বলে তিনি আসলে পর্তুগিজ তারকাকে খাটো করতে চাননি।
রিয়াল মাদ্রিদ থেকে চেলসিতে যোগ দেয়ার পর প্রায়ই ক্রিস্টিয়ানো রোনালদোকে খোঁচা দিচ্ছিলেন মরিনিয়োর। সম্প্রতি তিনি এক সাক্ষাতকারে বলেন, রিয়ালের এই তারকা 'আসল রোনালদো' নয়। তবে সাবেক কোচের এ মন্তব্যের জবাব মুখে নয় বরং বুধবার ইন্টারন্যাশনাল চ্যম্পিয়নস কাপের ফাইনালে মরিনিয়োর চেলসির জালে ২ গোল করে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ম্যাচ শেষে মরিনিয়োকে তাই বয়সের হিসেব টেনে আগের মন্তব্যের কোনোমতে একটা ব্যাখ্যা দাঁড় করাতে হয়েছে।
"আমি ব্রাজিলের রোনালদোকে আসল রোনালদো বলেছি কারণ সে ছিল প্রথম রোনালদো।"
নিজের ব্যাখ্যা আরও জোরদার করতে তিনি বলেন, "আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন টমাস মুলার আর জার্ড মুলারের মধ্যে আসল মুলার কে, আমি বলবো পরের জন আসল। কারণ সে দুইজনের মধ্যে বেশি বয়সী।"
রিয়ালের কাছে হারার পর এখন 'ছোট' রোনালদোরও প্রসংশা করতে হচ্ছে নিজেকে নিজেই 'স্পেশাল ওয়ান' খেতাব দেয়া মরিনিয়োকে।
"ক্রিস্টিয়ানো খুব ভালো একজন খেলোয়াড়, যে গোল করেই যাচ্ছে। তাই সে যখন গোল করে তা বড় খবর না; গোল যখন করে না সেটাই খবর হয়।"
