২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলারদের ঈদে শৈশবের হাতছানি

আর সবার মতো ফুটবলারদের জীবনেও ঈদ আসে। সারা বছরের ব্যস্ততায় পরিবারকে তেমন সময় দিতে না পারলেও ঈদের দিনগুলোয় সবার সঙ্গে আনন্দে মেতে ওঠেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে তিন তারকা ফুটবলার আমিনুল হক, জাহিদ হাসান এমিলি ও মতিউর মুন্নার কথোপকথনে উঠে এসেছে ছেলেবেলা ও বর্তমানের ঈদ-উদযাপন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাহমুদুল হাসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 01:36 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক আমিনুলের শৈশব কেটেছে ভোলায়। গ্রামীণ পরিবেশে দারুণ মজা করে ঈদের দিনগুলো কাটাতেন তিনি। সেসব সুখস্মৃতি আজো তার মনে উজ্জ্বল।

বাবা-মার কাছে নতুন পোশাক কেনার বায়না ধরা, বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানো – শৈশবের ঈদের আনন্দের কথা বলতে-বলতে আনমনা হয়ে যান আমিনুল।

আমিনুল সবচেয়ে খুশি হতেন নতুন পোশাক পেলে। অনেকের মতো ঈদের আগের দিন পর্যন্ত সেই পোশাক কাউকে দেখাতেন না, লুকিয়ে রাখতেন। কেউ দেখলে যে পোশাক পুরনো হয়ে যাবে! সে সব স্মৃতি আজো আন্দোলিত করে তার হৃদয়কে।  

আমিনুল বলেন, “মাঝে-মাঝে মনে হয়, ছোটবেলার দিনগুলো আবার ফিরে পেলে কতো আনন্দই না হতো! কেন জানি না, আগের মতো ঈদের আনন্দ এখন আর উপভোগ করতে পারি না।”

এখন শুধু দায়িত্ববোধ থেকে ঈদ পালন করেন তিনি। সন্তানের আনন্দ দেখে আনন্দিত হন। তাদের নিয়ে হৈ-চৈ করে, ঘুরে বেড়িয়ে কেটে যায় ঈদের দিনগুলো।

এ সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার এমিলিও ঈদের আনন্দ সবচেয়ে বেশি উপভোগ করেছেন ছেলেবেলায়। বাবা-মার কাছ থেকে নতুন পোশাক পাওয়ার পাশাপাশি কার কাছ থেকে কত ঈদি নেবেন – এ সব নিয়ে জল্পনা-কল্পনায় মেতে উঠতেন ভাই-বোনদের সঙ্গে।

নতুন জামা আর ঈদি পেলে আনন্দের সীমা থাকতো না। কার পোশাক কতো ভালো হলো, ভাই-বোনদের সঙ্গে তা নিয়ে রীতিমতো গবেষণায় মেতে উঠতেন!

অথচ এখন পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার তেমন সুযোগই হয় না এমিলির। কখনো জাতীয় দলের ক্যাম্পে, কখনো বা ক্লাবের ক্যাম্পে ঈদ কাটাতে হয়। এখন তিনি জাতীয় দলের ক্যাম্পে আছেন। শুধু ঈদের দিনটাই ছুটি পাবেন।

ক্যাম্পে থাকায় তেমন কেনা-কাটা করার সুযোগ পাননি। এমিলি জানালেন, ঢাকায় বাবা-মা ও স্ত্রীকে নিয়ে ঈদের দিনটা কাটাবেন।

ঈদ এলে শৈশবের দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে হয় আমিনুলের, "মনে হয় সেই দিনগুলি যদি আবার ফিরে পেতাম, তাহলে কতো আনন্দই না হতো!”

জাতীয় দলের সাবেক মিডফিল্ডার মতিউর মুন্নার এখন ঈদ কাটে সন্তানের আনন্দ দেখে। অথচ ছোটবেলায় ঈদের দিনটা তার কাছে ছিল উচ্ছ্বাসে ভরা এক দিন।

প্রয়াত বাবা-মার সঙ্গে কাটানো ঈদগুলো এখন মুন্নার কাছে সবচেয়ে মূল্যবান স্মৃতি। ঈদের দিন নতুন পোশাক পরে ঘুরে বেড়ানো, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার স্মৃতিও তাকে ফিরিয়ে নিয়ে যায় সেই সুন্দর দিনগুলোতে।

মুন্না বলেন, “এখন আর বাবা-মা বেঁচে নেই। আমি নিজেই এখন বাবা। সন্তানের আনন্দ দেখেই আনন্দিত হই। সন্তানকে ঘিরেই কাটে ঈদের দিনগুলো।”