চেলসিকে হারিয়ে আইসিসি শিরোপা রিয়ালের
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানোর জোড়া নৈপুণ্যে চেলসিকে হারিয়ে গিনেস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ।
বুধবার রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে) মিয়ামির সান লাইফ স্টেডিয়ামে সাবেক কোচ জোসে মরিনিয়োর দলকে ৩-১ গোলে হারায় স্প্যানিশ জায়ান্টরা। সাবেক শিষ্যদের বিশেষ করে রোনালদোর সঙ্গে মোলাকাতটা তাই সুখকর হলো না ‘স্পেশাল ওয়ান’ এর।
রিয়াল মাদ্রিদ থেকে চেলসিতে যোগ দেয়ার পর জোসে মরিনিয়োর কণ্ঠে প্রায়ই রোনালদোর সমালোচনা শোনা গেছে। সম্প্রতি তিনি বলেছিলেন পর্তুগিজ এই উইঙ্গার ‘আসল রোনালদো’ নন। প্রতিক্রিয়ায় সাবেক কোচের প্রতি কোনো বিদ্বেষ প্রকাশ করেননি রোনালদো; জবাবটা দিলেন মুখোমুখি দেখায়।
শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা রিয়ালকে ১৪ মিনিটে এগিয়ে দেন মার্সেলো। অবশ্য দুই মিনিট পরই সমতা ফেরান চেলসির রামিরেস।
গোলের পর মরিনিয়োর খোঁচার জবাব কি দিচ্ছেন রোনালদো?
এরপর চেলসি ম্যাচে আর ফিরতে পারেনি। রিয়ালের গোলরক্ষক ক্যাসিয়াসকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি তাদের ফরোয়ার্ডরা। বরং কার্লো আনচেলত্তির শিষ্যরা একের পর এক আক্রমণ করে ব্যতিব্যস্ত করে রাখে চেলসির রক্ষণভাগকে।
এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ২-০ গোলে হারায় এসি মিলান। প্রথমার্ধে গোল দু'টি করেন মারিও বালোতেল্লি ও এল নিয়াং।
