২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে বেশি আয় শারাপোভার

বিশ্বের নারী ক্রীড়াবিদদের মধ্যে গত অর্থ বছরে সবচেয়ে বেশি আয় করেছেন রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 12:03 AM

Updated : 13 Oct 2022, 02:55 PM

ফোর্বস ম্যাগাজিন গত মঙ্গলবার জানায়, ২০১২ সালের জুন থেকে এ বছরের জুন পর্যন্ত শারাপোভা আয় করেছেন মোট ২ কোটি ৯০ লাখ ডলার।

আয়ের দিক থেকে এগিয়ে আছেন টেনিস তারকারাই। রুশ গ্ল্যামার গার্লের পরে এ তালিকায় যথাক্রমে আছেন এক নম্বর টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস (২ কোটি ৫ লাখ ডলার), চীনের লি না (১ কোটি ৮২ লাখ) ও বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা (১ কোটি ৫৭ লাখ)।

আয়ের দিক থেকে সেরা দশে আরও আছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি, পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভানস্কা ও সার্বিয়ার আনা ইভানোভিচ।

তবে ব্যবসা বিষয়ক সাময়িকী ফোর্বস জানিয়েছে, আয়ের দিক থেকে পুরুষ অ্যাথলেটদের সঙ্গে নারী অ্যাথলেটদের ব্যবধান অনেক।

বিশ্বের এক নম্বর গলফার টাইগার উডস গত এক বছরে আয় করেছেন সবচেয়ে বেশি, ৭ কোটি ৮০ লাখ ডলার।

টেনিসের ১৭টি গ্র্যান্ড স্লাম জেতা সুইজারল্যান্ডের রজার ফেদেরার ৭ কোটি ১৫ লাখ ডলার আয় করে আছেন তালিকার দ্বিতীয়তে।

শারাপোভা মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি আয় করলেও বিশ্বের সবচেয়ে আয় করাদের মধ্যে তার অবস্থান ২২ তম। সবচেয়ে বেশি আয় করা একশ’ ক্রীড়াবিদের তালিকায় শারাপোভা ছাড়া মেয়েদের মধ্যে আছে কেবল সেরেনা উইলিয়ামস (৬৮) আর লি না (৮৫তম)।