মেসি-নেইমার নিয়ে আবার ক্রুইফের সংশয়
বার্সেলোনার আক্রমণভাগে মেসি-নেইমারের জুটি দেখতে ফুটবল-ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষায়। অনেকেরই বিশ্বাস, দুজনের যোগফলে অপ্রতিরোধ্য হয়ে উঠবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে ডাচ-কিংবদন্তি ইয়োহান ক্রুইফ সহসাই মেসি-নেইমার জুটির সাফল্যের ব্যাপারে সন্দিহান। অবশ্য দুজনের প্রতিভা নিয়ে তার মনে কোনো সন্দেহ নেই।
খেলোয়াড় হিসেবে পাঁচ বছর এবং কোচের ভূমিকায় আট বছর বার্সার ক্যাম্প নিউ-এ কাটানো ক্রুইফ বলেন, “তারা দুজনই প্রতিভাবান। কিন্তু সবার আগে আমাদের দেখতে হবে তারা একে অন্যের সঙ্গে এবং বাকি দলের সঙ্গে কেমন খেলে। একটি জাহাজে দুজন ক্যাপ্টেন থাকলে সমস্যা হতেই পারে!”
“দলের সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানাতে হবে। তবে আমার পর্যবেক্ষণ হলো, দুজনকে একসঙ্গে খেলানোর জন্য আরো কয়েক বছর অপেক্ষা করাই ভালো।”
সত্তরের দশকে ‘টোটাল’ ফুটবলের মূর্চ্ছনায় ফুটবল-বিশ্বকে মাতিয়ে তিন বার ব্যালন ডি’ অর জিতে নেয়া ক্রুইফ আরো বলেন, “মেসির আরেকটু কম বয়সে দুজনকে একসঙ্গে খেলতে দেখার আশা করেছিলাম আমি। দেখতে চেয়েছিলাম পাশাপাশি ওরা কেমন খেলে। খেলোয়াড় হিসেবে নেইমারের মধ্যে অনেক গুণ। কিন্তু বয়স মাত্র ২১ হওয়ায় সে এখনো পুরোপুরি বিকশিত হয়ে ওঠেনি।”
জুনে ৫ কোটি ৭০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে সান্তোস থেকে বার্সায় যোগ দেয়ার পর মেসিকে বিক্রি করে দেয়ার পরামর্শ দিয়েছিলেন কাতালান ক্লাবটির উপদেষ্টা ক্রুইফ। কারণ হিসেবে তখনো বলেছিলেন, লাতিন আমেরিকার দুই তারকা একসঙ্গে খেললে দলের সমস্যা বেড়ে যেতে পারে।
