২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হকি ফেডারেশনের নিষেধাজ্ঞা উদ্দেশ্যপ্রণোদিত’

বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ পাঁচ হকি খেলোয়াড়ের দাবি, হকি ফেডারেশন উদ্দেশ্যপ্রণোদিত এবং অনিয়মতান্ত্রিকভাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 06:54 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

বুধবার মেরিনার ইয়াংস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি করেন।

খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পি বলেন, “আমাদের বিরুদ্ধে নেয়া শাস্তিমূলক ব্যবস্থা মোটেও ঠিক হয়নি। আমাদের বিরুদ্ধে অভিযোগ, আমরা নাকি পাকিস্তানি কোচকে লাঞ্ছিত করেছি। কিন্তু এ কথা ঠিক নয়। সেদিন আমরা শুধু তার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম।”

হকিতে খেলোয়াড়দের অবদানের কথা ফেডারেশন বিবেচনা করেনি অভিযোগ করে তিনি বলেন, "আমাদের কোনো কারণ দর্শানো নোটিশ দেয়া হয়নি। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে তারা আমাদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত।”

খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, “ফেডারেশনের কর্মকর্তারা তাদের ব্যর্থতা ঢাকার জন্যই আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই ঘটনায় ক্রীড়াঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। এটা আমাদের খুবই ব্যথিত করেছে।”

জাতীয় দলের এশিয়া কাপের ক্যাম্প বয়কট ও পাকিস্তানি কোচ নাভিদ আলমকে লাঞ্ছিত করার অপরাধে বাপ্পীকে আজীবন, প্রিন্সকে দশ বছর এবং আশিকুজ্জামান, শামসুদ্দিন তুহিন ও আসাদুজ্জামান চন্দনকে পাঁচ বছরের জন্য হকির সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে ফেডারেশন।

পুরনো খবর:

হকিতে গভীর সঙ্কট
পাঁচ হকি খেলোয়াড়ের জামিন লাভ