২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলে ফেরার আশা ছাড়লেন তেভেজ

আর্জেন্টিনা জাতীয় দলে ফেরার আশা ছেড়ে দিয়েছেন স্ট্রাইকার কার্লোস তেভেজ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 07 Aug 2013, 04:48 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ৬২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই খেলোয়াড়।

গত জুনে ম্যানচেস্টার সিটি ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন তেভেজ। ক্লাব ফুটবলে নিয়মিত হলেও জাতীয় দলে অবশ্য অনেকদিন ধরেই ব্রাত্য হয়ে পড়েছেন তেভেজ। ২০১১ সালে দেশের হয়ে শেষ প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।

নতুন কোচ আলেহান্দ্রো সাবেইয়ার দলে কখনোই সুযোগ পাননি ২৯ বছর বয়সী তেভেজ। তাই জানিয়ে দিলেন, জাতীয় দলে খেলাটা আজ শুধুই স্মৃতি।

“ঐ অধ্যায় শেষ হয়েছে। জাতীয় দলে খেলার বিষয়ে যা বলার তা বলেছি। আর কিছু বলার নেই।”

“সত্য কথাটাই বলেছি। যা অনুভব করি তা বলেছি। এখানেই শেষ। এ বিষয়ে যদি আমি কথা বলি তাহলে মনে হবে, ফিরে আসার জন্যে আমি একটা সুযোগ চাচ্ছি”, যোগ করেন তেভেজ।

ম্যানচেস্টার সিটিতে চার বছর খেলার আগে ম্যানচেস্টার ইউনাইটেডে দুই বছর খেলেন তেভেজ। সিটি অধ্যায়ে তো কোচ রবার্তো মানচিনির সঙ্গে শীতল সম্পর্কের কারণে ক্যারিয়ারের চুড়ান্ত রেখাই প্রায় টেনে দিচ্ছিলেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, “সবসময় বলেছি ২৮ বছর বয়সে আমি অবসর নেব। রবার্তোর সঙ্গে অমন যুদ্ধের পর অবসর নেয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলাম আমি।”