২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র দিয়ে প্রস্তুতি শেষ ম্যানইউর

মৌসুম শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে ড্র করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার স্টকহোমে সুইডেনের ক্লাব এআইকে সোলনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ময়েসের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 01:06 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

প্রথমার্ধে দুই দলের গোলরক্ষকের দৃঢ়তায় কোনো গোল হয়নি। বিরতি থেকে ফিরে চার মিনিটের মাথায় রবিন কোয়াইসনের গোলে এগিয়ে যায় সুইডিশ ক্লাবটি। ৬৮ মিনিটে অ্যাঞ্জেলো এনরিকের ভলিতে সমতা ফেরায় ম্যান ইউ।

কোচ ডেভিড ময়েসের দুশ্চিন্তা বাড়িয়ে এ ম্যাচে আবার চোট পেয়েছে পর্তুগিজ তারকা নানি। চোটের কারণে মাঠ থেকে বেরিয়ে যান জনি ইভান্সও।

এর আগে এশিয়া সফর একেবারেই ভালো হয়নি ম্যানচেষ্টার ইউনাইটেডের জন্য। জাপানে প্রীতি ম্যাচে তারা হারে স্থানীয় দল ইয়োকোহামা এফ. মারিনসের কাছে। জাপানের আরেকটি দল সেরেজো ওসাকার সঙ্গে কোনোমতে ড্র করে তারা।

ম্যান ইউ হেরেছিল থাইল্যান্ডের সিংহা অল স্টার্সের কাছেও। তবে অস্ট্রেলিয়ায় এ লিগ অল স্টার্সদের ৫-১ গোলে হারায় ময়েসের দল।

স্টকহোমের এই ম্যাচটি ছিল দেশের বাইরে ম্যানইউর সব শেষ প্রস্তুতি ম্যাচ। রোববার কমিউনিটি শিল্ডের লড়াইয়ে উইগানের বিপক্ষে খেলবে তারা।