২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির সাফল্যের নেপথ্য কারণ

বয়স মাত্র ২৬, অথচ এরই মধ্যে জিতেছেন টানা চার বার ফিফা বর্ষসেরার পুরস্কার। ক্লাব বার্সেলোনার হয়ে জিতেছেন প্রায় সব শিরোপা। লিওনেল মেসি জানিয়েছেন, কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার তার ঈর্ষণীয় সাফল্যের প্রধান কারণ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 09:16 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

এশিয়ায় প্রাক-মৌসুম সফরে আসা বার্সেলোনার সঙ্গে এখন থাইল্যান্ডে অবস্থান করছেন আর্জেন্টাইন তারকা। মঙ্গলবার দেশটির রাজধানী ব্যাংককে ইউনিসেফ আয়োজিত প্রতিবন্ধী শিশুদের একটি অনুষ্ঠানে মেসি বলেন, “স্বপ্ন পূরণের জন্য তোমাদের অনেক লড়াই করতে হবে। তোমাদের ত্যাগ স্বীকার করতে হবে আর কঠোর পরিশ্রমও করতে হবে।”

“অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ। এখন বড় কোনো ম্যাচ না থাকায় আমরা কঠোর অনুশীলন করছি। মৌসুম শুরু হয়ে গেলে আমাদের অনেক ম্যাচ খেলতে হবে। তখন আমরা দিনে এক-দুই ঘণ্টার বেশি অনুশীলন করতে পারবো না।”

কয়েক দিন আগে তৃতীয় বারের মতো গোল ডটকমের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ী মেসি আরো বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অভিজ্ঞতাকে উপভোগ করা। নতুন-নতুন জায়গা ভ্রমণ করা, নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া। খেলার মাঠে হার-জিতই জীবনে সব কথা নয়।”