বাতিল হতে পারে প্রথম প্রস্তুতি ম্যাচ
হরতালের কারণে পাকিস্তানের বিপক্ষে জাতীয় ফুটবল দলের প্রথম প্রস্তুতি ম্যাচকে ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ১৩ অগাস্টের ম্যাচটি বাতিল করারও চিন্তা-ভাবনা করছে।
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে পাকিস্তান জাতীয় দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে। ১৩ অগাস্ট প্রথম এবং ১৬ অগাস্ট দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা।
কিন্তু ১৩ ও ১৪ অগাস্ট জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের কারণে বাফুফে প্রথম ম্যাচ আয়োজন করতে অনাগ্রহী।
বাফুফের জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, “হরতালের সময় বিদেশি দলের সঙ্গে খেলা আয়োজন করা ঠিক হবে না। তাই আমরা প্রথম প্রস্তুতি ম্যাচ বাতিল করার চিন্তা করছি।”
