মেসির চেয়েও দামি রোনালদো?
ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি ২০১৮ সাল পর্যন্ত নবায়ন করেছেন বলে জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা। নতুন এই চুক্তির ফলে বার্সলোনা তারকা লিওনেল মেসিকে ছাড়িয়ে স্প্যানিশ ফুটবলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারে পরিণত হচ্ছেন এই পর্তুগিজ তারকা।
ক্রীড়া বিষয়ক সংবাদপত্র মার্কা জানায়, নতুন চুক্তি অনুযায়ী রোনালদো আগামী ৫ বছর প্রতি মৌসুমে পাবেন ১ কোটি ৭০ লাখ ইউরো, যা মেসির পারিশ্রমিকের চেয়ে ১০ লাখ ইউরো বেশি।
কয়েকটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, লস অ্যাঞ্জেলেসে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেনতিনো পেরেসের সঙ্গে রোনালদোর আলোচনার মাধ্যমে সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।
রোনালদোর জন্য নতুন চুক্তি কেবল পারিশ্রমিক বাড়াটাই নয়, ক্লাবের প্রতি তার বন্ধনও বাড়লো এতে।
আগামী ১৭ অগাস্ট লা লিগার মৌসুম শুরুর আগেই রিয়াল মাদ্রিদ এ চুক্তি নবায়নের কথা আনুষ্ঠানিক ভাবে জানাতে পারে।
গিনেস ইন্টারন্যাশনাল চ্যম্পিয়ন্স কাপে অংশ নিতে যুক্তরাষ্ট্র আছে রিয়াল মাদ্রিদ। বুধবার সান লাইফ স্টেডিয়ামে ফাইনালে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির মুখোমুখি হবে তারা।
