মুলারের হ্যাটট্রিকে জার্মান কাপে বায়ার্নের জয়
টমাস মুলারের হ্যাটট্রিকে জার্মান কাপে নীচু সারির দল শোয়াজ ভাইস রেডেনকে উড়িয়ে দিয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
জার্মানিতে বুন্দেসলিগার পরই সবচেয়ে মর্যাদার আসর ডিএফবি-পোকাল কাপে জার্মানির বিভিন্ন ধাপের ফুটবল ক্লাবগুলো অংশ নেয়। সোমবার বায়ার্নের সামনে পড়ে চতুর্থ সারির দল শোয়াজ ভাইস রেডেন।
জার্মান তারকা মুলারের হ্যাটট্রিকের আগে-পরে গোল করেন সুইস ইন্টারন্যাশনাল জারদান শাকিরি ও ডাচ ফুটবলার আরিয়েন রোবেন।
নকআউটের ভিত্তিতে খেলা টুর্নামেন্টটির প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েছে বুন্দেসলিগার দল ভার্ডার ব্রেমেন, বরুসিয়া মনশেনগ্লাডবাখ, নুরেনবার্গ ও আইনট্রাখট ব্রাউনশোয়াইগ।
তাই পরবর্তী রাউন্ডে উঠতে পেরে খানিকটা নির্ভার বাভারিয়ানদের কোচ পেপ গার্দিওলা।
"কাপের খেলাগুলো সবসময়ই বিপদজনক। রোববারতো বুন্দেসলিগার চারটি ক্লাব নকআউট হয়ে গেল। আমি সমর্থকদের সব সময় সাফল্য চাওয়ার চাপটা মেনে নিয়েছি। আমরা মাত্র সাত সপ্তাহ ধরে একসঙ্গে আছি। তাই আমাদের উন্নতির অনেক জায়গা আছে।"
