মিলানকে হারিয়ে ফাইনালে চেলসি
ইতালির এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে গিনেস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ফাইনালে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসি। বুধবার ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে জোসে মরিনিয়োর দল।
রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকালে) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে চেলসির হয়ে গোল করেন কেভিন ব্রুয়েইন ও আন্দ্রে শুরলে।
প্রথমার্ধেই পাল্টা আক্রমণে ইতালিয়ানদের ব্যতিব্যস্ত করে রাখে মরিনিয়োর দল। দারুণ খেলতে থাকা চেলসিকে প্রথমার্ধের ২৯ মিনিটে এগিয়ে দেন বেলজিয়ামের কেভিন ব্রুয়েইন।
মিলানের মারিও বালোতেল্লি নিস্প্রভ থাকলেও গোলমুখে দারুণ সব পাস জুগিয়েছেন এল শারাউই। কিন্তু চেলসির গোলরক্ষক পিয়েতর চেক ও রক্ষণভাগের দৃঢ়তায় গোল পায়নি তারা।
বরং খেলার শেষ বাঁশি বাজার আগে দৃষ্টিনন্দন ভলিতে চেলসির জয় নিশ্চিত করেন ক্লাবে নতুন যোগ দেয়া শুরলে।
বুধবার সান লাইফ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে চেলসি। এভারটনকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আনচেলত্তির দল।
এর আগে টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এসি মিলান খেলবে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সঙ্গে।
মঙ্গলবার এভারটন ও ভ্যালেন্সিয়া খেলবে পঞ্চম স্থানের জন্য। একই দিন সপ্তম স্থানের জন্য লড়বে ইতালির দুই ক্লাব জুভেন্টাস আর ইন্টার মিলান।
