২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনায় সেরা সাঁতারু লেডেকি ও সুন

বার্সেলোনায় পর্দা নামলো বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের। জলক্রীড়ার সবচেয় বড় এ আসরে সেরা সাঁতারু নির্বাচিত হয়েছেন মার্কিন ষোড়শী কেটি লেডেকি ও চীনের ইয়াং সুন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 11:02 AM

Updated : 13 Oct 2022, 02:54 PM

পুরনো খবর:

পর্দা নামলো বার্সেলোনায়

ছেলেদের এক হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন ৪০০ ও ৮০০ মিটারের সোনা জয়ী চীনের ইয়াং সুন। এর আগে অস্ট্রেলিয়ার গ্র্যান্ট হ্যাকেটই কেবল এক আসরে এই তিনটি ইভেন্টে সোনা জিততে পেরেছিলেন। এই অসাধারণ অর্জন সুনকে এনে দিয়েছে এ আসরের সেরা ছেলে সাঁতারুর সম্মান।

আর মেয়েদের মধ্যে সেরা সাঁতারু লেডেকি ৪০০, ৮০০ ও এক হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছিলেন। শেষের দুটি ইভেন্টে গড়েছেন বিশ্ব রেকর্ডও।

ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ফ্রান্সের ক্যামি লাকুয়াত সোনা জিতেছেন। সাংহাইয়ের গত আসরে দ্বিতীয় হয়েছিলেন তিনি।

৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে রাশিয়ার ইউলিয়া এভিমোভার করা বিশ্ব রেকর্ড সেমিফাইনালে ভেঙে দিয়েছিলেন লিথুয়ানিয়ার রুতা মেইলুতাইত। ফাইনালে তাদের লড়াইয়ে জিতেছেন এফিমোভাই।

ছেলেদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে জাপানকে এ আসরের প্রথম সোনা এনে দিয়েছেন জাপানের দাইয়া সেতো।

নেদারল্যান্ডের রানোমি ক্রোমোভিজোইয়োও দেশকে এ আসরের প্রথম সোনা এনে দেন মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে।

মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জিতেছেন বিশ্ব রেকর্ডধারী হাঙ্গেরির ক্যাতিনকা হসসু। এর আগে ২০০ মিটারেও সোনা জিতেছিলেন তিনি।

ছেলেদের ৪*১০০ মিটার মিডলে রিলেতে প্রথম হয়েও মার্কিন দল ডিসকোলিফাইড হওয়ায় সোনা জিতেছে ফ্রান্স।

Image
মেয়েদের ৪*১০০ মিটার রিলেতে সোনা জেতা মার্কিন সাঁতারুরা

মেয়েদের ৪*১০০ মিটার রিলেতে সোনা জেতা মার্কিন সাঁতারুরা

মেয়েদের ৪*১০০ মিটার রিলেতে প্রথম হয়েছে মিসি ফ্রাংকলিনের যুক্তরাষ্ট। ফলে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম নারী হিসেবে এক আসরে ছয়টি সোনা জিতেছেন এই অষ্টাদশী। আর  দুই আসর মিলিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি নয়টি সোনা জিতে অস্ট্রেলিয়ার লিবি ট্রিকেটের রেকর্ডও ছুলেন তিনি।

প্রতিযোগিতা শেষে যুক্তরাষ্ট্র ১৫টি স্বর্ণপদক পেয়ে শীর্ষস্থান পেয়েছে। চীন ১৪ টি ও রাশিয়া ৯টি সোনা জিতে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১৫তম এই আসরে ১৮১টি দেশের দুই হাজার ২৯৩ জন অ্যাথলেট অংশ নেয়।