২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যালাতাসারাইকে দ্রগবার ‘উপহার’

এখনো যে ফুরিয়ে যাননি, তা আরেকবার প্রমাণ করলেন দিদিয়ের দ্রগবা। তার দুই গোলে পিছিয়ে পড়েও আর্সেনালকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্ট এমিরেটস কাপ জিতে নিয়েছে তুরস্কের গ্যালাতাসারাই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 01:34 AM

Updated : 25 Apr 2022, 07:05 PM

৩৯ মিনিটে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ফরোয়ার্ড থিও ওয়ালকটের গোলে এগিয়ে যাওয়া আর্সেনাল জয়ের স্বপ্ন দেখছিল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ডাচ মিডফিল্ডার ওয়েসলি স্নাইডার বদলি হিসেবে নামলে গ্যালাতাসারাইয়ের আক্রমণের ধার বেড়ে যায়। যদিও সমতায় ফেরার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয়েছে তাদের

৭৯ মিনিটে দ্রগবাকে বক্সের মধ্যে ফাউল করার সুবাদে পেনাল্টি পায় গ্যালাতাসারাই। তা থেকে গোল করে দলকে সমতায় ফেরান আইভরি কোস্টের এই স্ট্রাইকার।

এরপর তুরস্কের ক্লাবটি আরেকটি গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ৮৪ মিনিটে ফরোয়ার্ড নর্দিন আমরাবাতের ভলি ক্রস বারের সামান্য ওপর দিয়ে বেরিয়ে হতাশ করে গ্যালাতাসারাইকে।

তবে ৮৮ মিনিটে দ্রগবা দলকে হতাশ করেননি। স্নাইডারের পাস ধরে, আর্সেনালের জার্মান ডিফেন্ডার পার মার্টেস্যাকারকে বোকা বানিয়ে বাঁ পায়ের দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন ২০১১-১২ মৌসুমে চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম নায়ক।