‘ইংলিশ প্রিমিয়ার লিগ সবচেয়ে কঠিন’
চেলসির কোচ জোসে মরিনিয়ো মনে করেন, বিশ্বের সবচেয়ে কঠিন লিগ হলো ইংলিশ প্রিমিয়ার লিগ।
নিজের মতামতের পক্ষে যুক্তি হিসেবে তিনি বলেন, “আমি মনে করি (ইংলিশ) প্রিমিয়ার লিগ সবচেয়ে কঠিন। কারণ এই লিগে শিরোপার দাবিদার অনেক।”
“স্পেনের লিগে শিরোপা জিততে সক্ষম দুটি দল আছে। পর্তুগালেও দুটি, ফ্রান্সে মাত্র একটি। ইতালিতে এখন কী অবস্থা জানি না। কিন্তু আমি যখন সেখানে ছিলাম, তখন তিনটি দল শিরোপা জিততে পারতো। জার্মানিতে সংখ্যাটা দুই। কিন্তু ইংল্যান্ডে এ রকম পাঁচটি দল আছে। আর তাই এটা খুবই কঠিন লিগ।”
ইংল্যান্ড, স্পেন, ইতালি ও পর্তুগাল – ইউরোপের চারটি গুরুত্বপূর্ণ লিগে কোচিং করানোর অভিজ্ঞতায় ঋদ্ধ মরিনিয়ো। কোচ হিসেবে এই চারটি লিগে শিরোপা জয়ের মধুর স্বাদ পেয়েছেন এই পর্তুগিজ।
স্বদেশের ক্লাব পোর্তোর হয়ে দুটি লিগসহ ছয়টি, ইংল্যান্ডের চেলসির হয়েও দুটি লিগসহ ছয়টি, ইতালির ইন্টার মিলানের হয়ে দুটি লিগসহ পাঁচটি এবং স্পেনের রিয়াল মাদ্রিদের হয়ে একটি লিগসহ তিনটি শিরোপা জিতেছেন ‘স্পেশাল ওয়ান’ নামে পরিচিত মরিনিয়ো।
এর মধ্যে পোর্তো ও ইন্টারের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন গত জুনে চার বছরের চুক্তিতে চেলসিতে দ্বিতীয় বারের মতো যোগ দেয়া মরিনিয়ো।
