হিঙ্গিসের জয় দিয়ে ফেরা
প্রায় ছয় বছর পর পেশাদার টেনিসে জয় দিয়ে ফিরলেন সাবেক এক নম্বর খেলোয়াড় মার্টিনা হিঙ্গিস। তবে একক নয়, দ্বৈত ম্যাচে।
সাউদার্ন ক্যালিফোর্নিয়া ওপেনের প্রথম রাউন্ডে স্লোভাকিয়ার দানিয়েলা হান্তুচোভার সঙ্গে জুটি বেঁধে সহজেই জার্মানির জুলিয়া জর্জেস ও ক্রোয়েশিয়ার দারিয়া জুরাক জুটিকে হারিয়েছেন তিনি। খেলার ফলাফল ৬-১, ৬-১।
২০০৩ সালে চোটের কাছে হার মেনে টেনিসকে বিদায় জানালেও দুই বছর পরই কোর্টে ফিরেছিলেন সুইজারল্যান্ডের হিঙ্গিস। তবে ২০০৭ সালে আবার অবসর নেন তিনি।
৩২ বছর বয়সী হিঙ্গিস গত মাসে দ্বিতীয় বারের মতো কোর্টে ফেরার ঘোষণা দেন। এবার অবশ্য শুধুই দ্বৈতের লড়াইয়ে।
খেলা শেষে স্নায়ুর চাপে ভুগছিলেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হিঙ্গিস বলেন, “অবশ্যই, এমন পরিস্থিতিতে কে স্নায়ুর চাপে ভুগবে না? আমিও তো মানুষ।”
ম্যাচের পঞ্চম পয়েন্টের আগ পর্যন্ত একবারও বল ছুঁতে পারেননি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে পাঁচটি একক ও ৯টি দ্বৈতের শিরোপা জয়ী হিঙ্গিস। তারপর একটি ব্যাকহ্যান্ড ভলিতে পয়েন্ট তুলে নেন তিনি।
নিজের পারফরম্যান্স সম্পর্কে হিঙ্গিস বলেন, “(প্রথম সেটের পর) আত্মবিশ্বাস ফিরে পাই আমি। রিটার্ন, সার্ভ সব কিছুতেই স্বাচ্ছন্দ্য বোধ করতে থাকি। মানসিকভাবে তখন সত্যিই খুব ভালো বোধ করছিলাম।
দ্বিতীয় সেটের প্রথম সার্ভিস গেমের পর তো মনে হচ্ছিল ‘আমি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি।’”
প্রতিযোগিতার এককের দ্বিতীয় রাউন্ডে মেয়েদের র্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা ৬-২, ৬-৩ গেমে ইতালির ফ্রানচেস্কা স্কিয়াভোনিকে হারিয়েছেন।
