২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁতারে দক্ষিণ আফ্রিকার দিন

বার্সেলোনায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিন দক্ষিণ আফ্রিকার সাঁতারুরা দুটি সোনা জিতেছেন, ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ক্যামেরন ভ্যান ডার বুর্গ আর ২০০ মিটার ফ্রিস্টাইলে চ্যাড লে ক্লস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 12:16 PM

Updated : 13 Oct 2022, 02:54 PM

বুধবার রাতে মার্কিন মিসি ফ্রাংকলিন পেয়েছেন এ আসরে তার তৃতীয় সোনাটি। দিনের অপর সোনাটি জিতেছেন চীনের ইয়াং সুন।

ছেলেদের ২০০ মিটার ফ্রিস্টাইলে প্রথম হতে অলিম্পিক চ্যাম্পিয়ন চ্যাড লে ক্লস সময় নিয়েছেন ১ মিনিট ৫৪.৩২ সেকেন্ড। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটাই প্রথম সোনা দাক্ষিণ আফ্রিকার এই তারকার।

ছেলেদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে অস্ট্রেলিয়ার ক্রিস্টিয়ান স্প্রেনজারকে এক সেকেন্ডের একশ' ভাগের এক ভাগ সময়ে পেছনে ফেলে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় সোনাটি এনে দেন ক্যামেরন ভ্যান ডার বুর্গ। তার স্বদেশী জুলিও জোরজি পেয়েছেন ব্রোঞ্জ পদক।

মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতে নিয়েছেন মার্কিন অস্টাদশী মিসি ফ্রাংকলিন। তিনি পেছনে ফেলেছেন বিশ্ব রেকর্ডের মালিক ও গত দুইবারের চ্যাম্পিয়ন ইতালির ফেদেরিকা পেলেগ্রিনিকে। তৃতীয় হয়েছেন ফ্রান্সের ক্যামিই মুফা।

দিনের শেষ ইভেন্ট ছেলেদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতেন চীনের ইয়াং সুন। এটি এ আসরে তার দ্বিতীয় সোনা। এর আগে রোববার ৪০০ মিটার ফ্রিস্টাইলেও সোনা জিতেছিলেন এই চীনা সাঁতারু।

আগামী রোববার প্রতিযোগিতার শেষ দিন ১ হাজার ৫০০ মিটারেও সোনার লড়াইয়ে নামবেন সুন।