২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ গোলের নাটকীয়তায় ম্যান সিটির জয়

প্রথম ৪৫ মিনিটেই ৮ গোল! এই তথ্যেই বোঝা যায় ম্যাচটা কতটা রোমাঞ্চকর ছিল। উত্তেজনায় ভরা যে ম্যাচে এসি মিলানকে ৫-৩ গোলে হারিয়ে প্রাক-মৌসুম অডি কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 02:04 AM

Updated : 23 Aug 2022, 06:39 PM

বুধবার বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় চতুর্থ মিনিটে ডেভিড সিলভার গোলে এগিয়ে যায় ম্যান সিটি। এরপর এডিন জেকোর দুটো এবং মিকা রিচার্ডস ও আলেকসান্দার কোলারভের একটি করে গোলে ৩৬ মিনিটের মধ্যে ব্যবধান ৫-০ হয়ে যায়।

তবে এরপরই জ্বলে ওঠে ইতালির অন্যতম সফল ক্লাব মিলান। ৩৭ ও ৩৯ মিনিটে স্তেফান এল শারাউইয়ের দুটো এবং ৪৩ মিনিটে আন্দ্রিয়া পেতানিয়ার এক গোলে স্কোরলাইন দাঁড়ায় ৫-৩। কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। দু দলের সামনেই অবশ্য সুযোগ এসেছিল। কিন্তু আন্দ্রিয়া পোলির শট ম্যান সিটির গোলরক্ষক জো হার্ট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন, আর ম্যান সিটির আলভারো নেগ্রেদোর শট ফিরে আসে ক্রস বারে লেগে।

ম্যাচের খেলোয়াড়দের সমালোচনা করেছেন এসি মিলান কোচ কোচ মাসসিমিলিয়ানো আল্লেগ্রি।

"প্রথমার্ধে আমরা খারাপ খেলেছি। খেলোয়াড়রা যেন ভীত ছিল, তারা একটিও ট্যাকল করতে পারেনি।"

ফাইনালে ম্যান সিটির প্রতিপক্ষ স্বাগতিক বায়ার্ন মিউনিখ।