২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচকদের ফেদেরারের জবাব

বেশ কিছু দিন ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন রজার ফেদেরার। উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে হেরে যাওয়ার পর আরো দুটো টুর্নামেন্টে ব্যর্থ হওয়ায় তার ফুরিয়ে যাওয়া নিয়ে চাপা গুঞ্জন। তবে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ী এই সুইস তারকা এ ধরণের গুঞ্জনকে পাত্তা দিতে রাজি নন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 10:32 PM

Updated : 23 Aug 2022, 06:37 PM

পুরুষদের টেনিসের সফলতম খেলোয়াড় ফেদেরার এ বছর মাত্র একটি শিরোপা জিতেছেন। তা-ও সেটা উইম্বলডনের আগে এক প্রস্তুতি টুর্নামেন্টে।

ধারাবাহিক ব্যর্থতার কারণে অনেক টেনিস-সমালোচক তার অবসরের পক্ষে মত দিলেও ৩১ বছর বয়সী ফেদেরার তা মেনে নিতে নারাজ।

তিনি বলেন, “কোনো ধরণের সমালোচনাতেই আমার কোনো সমস্যা নেই। তবে আমি সবার কাছ থেকে সৎ সমালোচনা আশা করি।”

“এ ধরণের পরিস্থিতি আমার জন্য প্রথম নয়। ২০০৯ ও ২০১০ সালেও আমার সম্পর্কে অনেকে বলেছিল ‘সে সব কিছু জিতেছে, এখন তার অবসর নেয়া উচিত।’”

উইম্বলডনের ব্যর্থতার কারণে গত ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে নেমে গেছেন ফেদেরার।

তিনি অবশ্য র‌্যাঙ্কিং নিয়ে চিন্তিত নন। এ প্রসঙ্গে ৭ বারের উইম্বলডন চ্যাম্পিয়ন বলেন, “জীবনের একটা সময়ে র‌্যাঙ্কিংয়ের তেমন গুরুত্ব থাকে না। সত্যি বলছি, আমি জানি না এখন আমার র‌্যাঙ্কিং কত নম্বর। চতুর্থ? পঞ্চম? তৃতীয়? এটা আমার কাছে কোনো ব্যাপার নয়।”