২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের লড়াই করে হার

থাইল্যান্ড সফরে প্রথম প্রস্তুতি ম্যাচে হেরে গেছে জাতীয় ফুটবল দল। তবে থাইল্যান্ডের প্রিমিয়ার লিগের দল ওসোতস্পা সারাবুরি এফসির কাছে ২-১ গোলে হেরে গেলেও লড়াই করে হার মেনেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 08:03 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

বুধবার ব্যাংককের সারাবুরি সেন্ট্রাল স্টেডিয়ামে স্বাগতিক দলের দুটো গোলই স্ট্রাইকার নারংয়ের। বাংলাদেশের একমাত্র গোলদাতা স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি।

২৪ মিনিটে একটি পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে বক্সে ঢুকে আড়াআড়ি শটে ওসোতস্পাকে এগিয়ে দেন নারং।

৬৮ মিনিটে নারংয়ের ব্যবধান দ্বিগুণ করা গোলটিও পাল্টা আক্রমণ থেকে, জোরালো শটে।

৮৫ মিনিটে স্ট্রাইকার তকলিস আহমেদকে বক্সের মধ্যে ফাউলের সুবাদে পেনাল্টি পায় বাংলাদেশ। তা থেকে গোল করে ব্যবধান কমান রনি।

৩২ মিনিটে আরেকটি গোল করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ফরোয়ার্ড ওয়াহেদ আহমেদ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। তার শট ঠেকিয়ে দেন ওসোতস্পার গোলরক্ষক।

আরো কয়েকটি সুযোগ পেলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় বাংলাদেশ আর গোলের দেখা পায়নি।