২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার হয়ে মাঠে নামছেন নেইমার

বার্সেলোনার হয়ে মাঠে নামছেন নেইমার। মঙ্গলবার রাতে পোল্যান্ডের ক্লাব লেসিয়া দানস্কের সঙ্গে প্রীতি ম্যাচের দলে রাখা হয়েছে অনুশীলনে যোগ দেয়া এই ব্রাজিল তারকাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 02:50 PM

Updated : 13 Oct 2022, 02:54 PM

প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২৩ জনের দলে আছেন চার বারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসিও। তাই জুটি বেধে মেসি-নেইমারের খেলা দেখা যেতে পারে প্রীতি ম্যাচটিতে।

আগামী মৌসুম শুরুর আগে এটা বার্সার তৃতীয় প্রস্তুতি ম্যাচ। এর আগের প্রস্তুতি ম্যাচগুলোর মধ্যে কাতালান ক্লাবটি ২-০ গোলে হারে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী বায়ার্ন মিউনিখের কাছে। তবে পরের ম্যাচে নরওয়ের ক্লাব ভালেরেঙ্গাকে ৭-০ গোলে বিধ্বস্ত করে মেসিরা।

সোমবার বার্সায় প্রথম ট্রেনিং সেশন শেষ করেন পাঁচ কোটি ৭০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে সান্তোস থেকে আসা নেইমার।

ক্লাবের স্পেন ও ব্রাজিলের জাতীয় দলের খেলোয়াড়রাও ছুটি শেষে অনুশীলনে যোগ দিয়েছেন। আর বার্সার অনুশীলনে সব খেলোয়াড়ের সঙ্গে পরিচিত হয়েছেন নতুন আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্তিনো।